

যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্রের একটি অত্যন্ত বিরল কপি উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির প্রাক্কালে এই ঐতিহাসিক আবিষ্কারকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গবেষকরা।
আর্কাইভস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭৭৬ সালে ব্রিটিশ নৌবাহিনীর হাতে আটক হওয়া একটি মার্কিন জাহাজের নথিপত্র সংরক্ষিত ছিল ওই আর্কাইভে। সম্প্রতি পুরোনো নথি তালিকাভুক্ত করার একটি প্রকল্পে কাজ করার সময় স্বেচ্ছাসেবক মাইকেল স্কার একটি নথি খুঁজে পান, যা পুরোনো রেকর্ডে কেবল আরেকটি নথি হিসেবে উল্লেখ ছিল। পরে পরীক্ষা করে দেখা যায়, সেটিই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের একটি বিরল মুদ্রিত কপি।
মাইকেল স্কার বলেন, এত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দলিল খুঁজে পাওয়া এবং হাতে নেওয়ার অভিজ্ঞতা রোমাঞ্চকর, বিশেষ করে স্বাধীনতার ২৫০ বছর পূর্তির এই সময়ে।
ন্যাশনাল আর্কাইভস জানায়, এটি নিউ হ্যাম্পশায়ারের এক্সেটার শহরে ১৭৭৬ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে মুদ্রিত হয়েছিল। বর্তমানে এই সংস্করণের মাত্র ১১টি কপি টিকে আছে। এর মধ্যে এটিই প্রথম, যা যুক্তরাষ্ট্রের বাইরে পাওয়া গেল।
ইতিহাসবিদদের মতে, স্বাধীনতার ঘোষণাপত্র কংগ্রেসে গৃহীত হওয়ার পর নতুন রাষ্ট্রের আদর্শ ছড়িয়ে দিতে বিভিন্ন উপনিবেশে দ্রুত এর একাধিক কপি ছাপানো হয়েছিল। ওই কপিগুলোর একটি সংগ্রহ করেছিলেন ডালটন জাহাজের অধিনায়ক এলিয়েজার জনসন। ধারণা করা হয়, ব্রিটিশ জাহাজ দখলের অভিযানে যাত্রার আগে তিনি নিজের নাবিকদের উদ্বুদ্ধ করতে এটি সঙ্গে নিয়েছিলেন।
তবে ১৭৭৬ সালের ২৪ ডিসেম্বর পর্তুগালের উপকূলে ব্রিটিশ রয়্যাল নেভি ডালটন জাহাজটি আটক করে। পরে জাহাজের নথিপত্রসহ সবকিছু ইংল্যান্ডের প্লাইমাউথে নিয়ে যাওয়া হয়।
ন্যাশনাল আর্কাইভসের তথ্যমতে, সামরিক অভিযানের মাধ্যমে জব্দ হওয়া স্বাধীনতার ঘোষণাপত্রের এটিই একমাত্র পরিচিত কপি।
আর্কাইভসের কিউরেটর গ্রাহাম মুর বলেন, ১৮শ শতকের ব্রিটিশ প্রশাসনিক নিয়ম অনুযায়ী, দখল করা প্রতিটি জাহাজের নথিপত্র জমা দিতে হতো, যাতে জাহাজ আটককারী নৌ কর্মকর্তারা পুরস্কারের অংশ দাবি করতে পারেন। সেই প্রশাসনিক প্রক্রিয়ার কারণেই এই মূল্যবান দলিলটি আজও সংরক্ষিত রয়েছে।
তিনি বলেন, যুদ্ধকালীন সেই আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণেই এই ঘোষণাপত্রের এমন একটি সমৃদ্ধ ইতিহাস আমরা জানতে পারছি, যা অন্য অনেক কপির ক্ষেত্রে সম্ভব হয়নি।