

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের প্রস্তুতি নিয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী বুধবার (২৪ জুন) রাজধানীতে অনুষ্ঠিত হবে এ সভা।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।
সভায় ঢাকা শিক্ষা বোর্ড ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আওতাভুক্ত এইচএসসি-সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সভায় উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধও জানানো হয়েছে।