

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি মসজিদে জুমার নামাজের পর খতমে নবুওয়ত বিষয়ক আলোচনা অনুষ্ঠানে পুলিশ বাধা দিয়েছে—এমন অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। একই সঙ্গে আগামী ১৪ জুলাই গোপালপুর ইউনিয়ন স্কুল মাঠে খতমে নবুওয়ত সম্মেলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর জুরাইনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কিছু মুসলমান কাদিয়ানি সম্প্রদায়ের বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সেখানে মুসলমানদের সম্পত্তি জবরদখল এবং ধর্মান্তরের চেষ্টার অভিযোগও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া কাদিয়ানি ন্যাশনাল আমিরের ওই এলাকায় অবস্থান পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলেও দাবি করে সংগঠনটি।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ প্রশাসন মসজিদে অনুষ্ঠিত ঈমানী আলোচনা কর্মসূচিতে বাধা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নেতারা আরও বলেন, আগামী ১৪ জুলাই গোপালপুর ইউনিয়ন স্কুল মাঠে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত সম্মেলন স্থানীয় মুসলমানদের সচেতন করার উদ্দেশ্যে একটি শান্তিপূর্ণ দাওয়াতি কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে অযৌক্তিক বাধা সৃষ্টি করা হলে বা অনুমতি দিতে অপ্রয়োজনীয় বিলম্ব হলে তার দায় প্রশাসনকেই বহন করতে হবে বলে সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়।
জরুরি পরামর্শ সভায় সদস্য সচিব আল্লামা মহিউদ্দিন রাব্বানী, আল্লামা রশিদ আহমদ, সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীম, মুফতি আরিফুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, মুফতি শফিক সাদীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।