

প্রায় পাঁচ দশক পর প্রথমবারের মতো বিদেশিদের জন্য ভিসা ফি বাড়িয়েছে জাপান। আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন হারে একক প্রবেশ (সিঙ্গেল-এন্ট্রি) ভিসার ফি বর্তমানের তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পাবে।
সোমবার (২২ জুন) বিবিসি প্রকাশিত এক প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসার ফি তিন হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন করা হয়েছে। একইভাবে বহুবার প্রবেশের (মাল্টিপল-এন্ট্রি) ভিসার ফি ছয় হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি শুক্রবার সাংবাদিকদের জানান, মুদ্রাস্ফীতি ও বিনিময় হার পরিবর্তনের পর ভিসা ফি সংশোধন করা হয়েছে। তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে বিদেশি পর্যটক আগমনে তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে দেশটির সরকার মনে করে না।
বিশ্লেষকদের মতে, দুর্বল ইয়েন এবং মহামারির পর আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হয়ে ওঠার ফলে জাপানে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর দেশটিতে রেকর্ড চার কোটি ২৭ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।
এর আগে গত মে মাসে জাপানের উচ্চকক্ষ বিদেশিদের জন্য প্রযোজ্য আরও কয়েকটি ফি বৃদ্ধির একটি বিল অনুমোদন করে।
নতুন বিধান অনুযায়ী, স্থায়ী বসবাসের অনুমতির আবেদন ফি সর্বোচ্চ ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে তিন লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা যাবে, যা আগের সীমার তুলনায় ৩০ গুণ বেশি।
এ ছাড়া বসবাসের মর্যাদা পরিবর্তন বা অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্যও সর্বোচ্চ এক লাখ ইয়েন পর্যন্ত ফি গুনতে হবে। বর্তমানে এ খাতে ফি ১০ হাজার ইয়েন।
জাপানের সরকারের কর্মকর্তারা বলছেন, জাপানের ভিসা ও আবাসন-সংক্রান্ত ফি উন্নত অর্থনীতির দেশগুলোর মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাপানি মুদ্রা ইয়েন ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং বর্তমানে প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে।