

ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আর রাজধানীতে দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকদের জন্য ব্যাপক খাবারের আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-য়ের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল থেকেই আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরির নির্বাচনের ভোট গণনা চলছে। একই সঙ্গে পাঁচটি রাজ্যের সাতটি আসনের উপনির্বাচনের ভোট গণনাও হচ্ছে।
এ প্রেক্ষাপটে বিজেপির সদর দপ্তরে সকাল থেকে খাবার প্রস্তুতি শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত এক শেফ জানান, ভোর ৪টা থেকেই রান্নার কাজ শুরু হয়েছে এবং প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে।
সকালের নাশতায় রাখা হয়েছে স্যান্ডউইচ, আলুপুরি, পোহা ও জিলাপি। পাশাপাশি ফল, লাচ্ছি, রাবড়ি ও মিষ্টি দইয়েরও ব্যবস্থা রয়েছে।
দুপুরের খাবারের মেনুতে রয়েছে ডাল, পাকোড়া, আলু, ভাত ও পাপড়। এছাড়া মিষ্টান্ন হিসেবে রাখা হয়েছে বাঙালি ঐতিহ্যবাহী রসগোল্লা ও জিলাপি।
জানা গেছে, ২২ সদস্যের একটি বিশেষ দল পুরো খাবার প্রস্তুত ও পরিবেশনার দায়িত্ব পালন করছে।