

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনে নতুন একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাত্র দুই দিন পর এ ঘটনা ঘটেছে।
রোববার (২৮ জুন) ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) নিহত সেনা কর্মকর্তার পরিচয় প্রকাশ করে জানায়, নিহত ক্যাপ্টেনের নাম ডেভিড হাজুত। দক্ষিণ লেবাননের দেইর সেরিয়ান এলাকার কাছে একটি সন্দেহজনক স্থাপনায় প্রবেশ করার সময় হাজুতের মুখোমুখি হন হিজবুল্লাহর এক যোদ্ধা। সেখানে মুখোমুখি সংঘর্ষের সময় হাজুত নিহত এবং আরেক সেনা সদস্য আহত হন।
চার মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে এখন পর্যন্ত মোট ৩৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় দুপুর পর্যন্ত হামলাকারীকে ধরতে অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছে আইডিএফ। এ সময় সেনাবাহিনী ওই এলাকায় একাধিক হামলাও চালায়।
গত শুক্রবার স্বাক্ষরিত নতুন সমঝোতাকে দুই দেশের মধ্যে একটি বিস্তৃত শান্তিচুক্তির প্রথম ধাপ হিসেবে বর্ণনা করা হচ্ছে। চুক্তির আওতায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলমান দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে ইসরায়েল।
সূত্র : সিএনএন