

ইরানের সঙ্গে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন-ইরান আলোচক অ্যালান আয়ার। তিনি বলেন, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর আলোচনার গতি বাড়ানো জরুরি, যাতে কূটনৈতিক অগ্রগতি ধরে রাখা যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ার বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ধীরগতিতে চলছে। তার মতে, দুই পক্ষের আরও ঘন ঘন এবং দীর্ঘ সময় ধরে বৈঠক করা প্রয়োজন।
তিনি বলেন, খামেনির দাফনের কারণে আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকতে পারে, তবে এরপর যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত আলোচনার গতি বাড়ানো।
আয়ার আরও বলেন, এখনো উভয় পক্ষ হরমুজ প্রণালি খোলা রাখা, এর নিয়ন্ত্রণব্যবস্থা, লেবানন ইস্যু এবং ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচি নিয়ে কার্যকর অগ্রগতির প্রাথমিক পর্যায়েই রয়েছে। তার ভাষায়, পারমাণবিক ইস্যুই বর্তমান উত্তেজনার মূল কারণ।
তিনি আশা প্রকাশ করেন, দাফন অনুষ্ঠান শেষে ওয়াশিংটন ও তেহরান আলোচনায় নতুন গতি আনবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাস্তব অগ্রগতি অর্জনের চেষ্টা করবে।