

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে আটজন নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর দাবি নিহতরা বিচ্ছিন্নতাবাদী। খবর রয়টার্সের।
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, ২৫ ও ২৬ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খারান ও মাসতুং জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, খারান জেলায় বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হলে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
অন্যদিকে, মাসতুং জেলায় সম্ভাব্য আত্মঘাতী হামলাকারীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে পরিচালিত আরেক অভিযানে এক আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হন। উভয় অভিযানে নিরাপত্তা বাহিনী অস্ত্র, গোলাবারুদ, ঘরে তৈরি বিস্ফোরক ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে।
পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলোকে উল্লেখ করতে ‘ফিতনা আল হিন্দুস্তান’ শব্দটি ব্যবহার করে এবং এসব গোষ্ঠীর প্রতি ভারতের সমর্থনের অভিযোগ করে আসছে। তবে ভারত এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।
অভিযানের পর দুই জেলাজুড়ে সম্ভাব্য বিচ্ছিন্নতাবাদীদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।