

আফ্রিকার কয়েকটি দেশে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনটি দেশের ভ্রমণকারীদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘উইকায়া’ জানিয়েছে, ডি আর কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আগত ভ্রমণকারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। খবর আরব নিউজের।
এছাড়া, সৌদি আরবে প্রবেশের আগে ২১ দিনের মধ্যে ওই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন এমন ব্যক্তিদের জন্যও সব ধরনের প্রবেশ ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো (কঙ্গো-ব্রাজাভিল) থেকে আগত যাত্রীদের জন্য অতিরিক্ত স্বাস্থ্যবিষয়ক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব দেশ থেকে আসা ভ্রমণকারীদের সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং রোগ পর্যবেক্ষণের আওতায় রাখা হবে।
উইকায়া জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে সৌদি আরবে ইবোলা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, ১৯৭৬ সালে প্রথম ডি আর কঙ্গোতে ইবোলা ভাইরাস শনাক্ত হয়। এ রোগে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ এবং এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।