

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার অনুমতি থাকা উচিত। তেহরানের সঙ্গে তার প্রশাসনের স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর হওয়ার ঠিক আগে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
ট্রাম্প বলেন, অন্য দেশগুলোর কাছে যদি এসব ক্ষেপণাস্ত্র থাকে, তাহলে ইরানের একেবারেই না থাকা কিছুটা অন্যায্য হবে। সৌদি আরব, কাতারসহ অন্যদের কাছে যখন আছে, তখন আনুপাতিক হারে ইরানের কাছেও কিছু থাকা ঠিক আছে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রই মূল সমস্যা নয়। এগুলো একটি নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারে, কিন্তু পারমাণবিক অস্ত্রের মতো পুরো পৃথিবী ধ্বংস করতে পারে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সময় দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করাকে অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রও দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঢাল হিসেবে ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথ সুগম করার চেষ্টা করছে।
তবে ট্রাম্পের এ মন্তব্যকে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যদিও তিনি স্পষ্ট করেছেন, আগামী ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিতব্য পরবর্তী আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি আলোচনায় থাকবে।