

দীর্ঘদিন ধরে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন থাকা নিজের জন্মদাত্রী মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট দিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। শৈশবের স্মৃতি আর অসুস্থ মায়ের পাশে পর্যাপ্ত সময় দিতে না পারার এক চরম অপরাধবোধ ও আকুতি ফুটে উঠেছে তার এই লেখায়, যা ইতোমধ্যে নেটিজেনদের মাঝেও ব্যাপক আলোড়ন ও আবেগের সৃষ্টি করেছে।
বুধবার (১৭ জুন) রাত ১১টার দিকে সংসদ সদস্য জসিম উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই হৃদয়ছোঁয়া পোস্টটি শেয়ার করেন।
ফেসবুক পোস্টে এমপি জসিম উদ্দিন তার শৈশবের স্মৃতিচারণ করে লেখেন, ছোটবেলায় যখনই তিনি জ্বরে আক্রান্ত হতেন, তার মা সারাক্ষণ বিছানার পাশে বসে থাকতেন। পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতেন, কপালে চুমু খেতেন আর বুকে আগলে রাখতেন। মায়ের সেই স্বর্গীয় স্পর্শ তাকে শিখিয়েছে যে, তার জীবনের প্রতিটি দুঃখ-কষ্টের একমাত্র নিঃস্বার্থ ভাগীদার ছিলেন তার মা।
পোস্টে তিনি উল্লেখ করেন, তার প্রিয় মা আজ টানা ২৬ মাস পেরিয়ে ২৭ মাসে পদার্পণ করে হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। যে মা তার জীবনের প্রথম ডাক্তার, প্রথম নার্স এবং একমাত্র নিরাপদ আশ্রয় ছিলেন, আজ সেই মায়ের সবচেয়ে কঠিন সময়ে তিনি সবসময় পাশে থাকতে পারছেন না। জনগণের অর্পিত দায়িত্ব এবং রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে মায়ের পাশে কাটাতে না পারা সময়গুলোর জন্য তিনি নিজের চরম অসহায়ত্ব ও এক ধরনের অপরাধবোধের কথা অকপটে প্রকাশ করেন।
পোস্টের শেষাংশে দেশবাসীর প্রতি আকুল আবেদন জানিয়ে এই জনপ্রতিনিধি লেখেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন।
এদিকে, সংসদ সদস্যের এ আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটি প্রকাশের পর অনেকে মন্তব্যের মাধ্যমে তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও শুভকামনা জানিয়েছেন।