কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ
ঘোষণা দিলেন তারেক রহমান

কল্যাণমুখী মানবিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার

কল্যাণমুখী মানবিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে কল্যাণমুখী, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে পাঁচটি ভাগে ৫১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ইশতেহারে ‘করব কাজ, গড়ব দেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে ক্ষমতায় গেলে ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি। ইশতেহারকে রাষ্ট্র সংস্কার; বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্র গঠন; ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন; আঞ্চলিক সুষম উন্নয়ন; ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি—এ পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে।

আসন্ন নির্বাচনে তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং এটিই তার প্রথম ইশতেহার। ইশতেহার ঘোষণার আগে ও পরে আগামীর বাংলাদেশ পরিচালনায় দলটির অঙ্গীকার তুলে ধরে একটি ভিডিও উপস্থাপন করা হয়। এতে নির্বাচনে জয়ী হলে দলটির লক্ষ্য, উদ্দেশ্য, অঙ্গীকারসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

প্রধান ৯টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। এতে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া পেশাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা-উপজেলায় ক্রীড়া অবকাঠামো ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রসারণ, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে জনগণের অংশগ্রহণের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন ও পুনর্খনন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু, ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু—এই ৯টি অগ্রাধিকার বিষয়ে প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে।

ইশতেহারে বলা হয়েছে, এই ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, উৎপাদন; ভয় নয়, অধিকার; বৈষম্য নয়, ন্যায্যতা—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।

জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেখানে ভোটের মর্যাদা থাকবে; সন্ত্রাস, দুর্নীতি ও বৈষ্যমের অবসান হবে; আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না এবং প্রত্যেক নাগরিক গর্ব করে বলতে পারবে—সবার আগে বাংলাদেশ।

৫১ দফার বিএনপির ইশতেহারে ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় তাদের পরিকল্পনার কথা সবিস্তারে তুলে ধরা হয়েছে। যাতে মন্ত্রিসভায় উল্লেখযোগ্যসংখ্যক নারীকে রাখা এবং রাজনৈতিক দলকে সরকারের তরফে বার্ষিক বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা বলা হয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাসমুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, ইসমাইল জবিহউল্লাহ, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, গোলাম আকবর খন্দকার, মাসুদ আহমেদ তালুকদার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, ড. এনামুল হক চৌধুরী, নাজিম উদ্দিন আলম, সুজা উদ্দিন, বিজন কান্তি সরকার, হুমায়ুন কবির, আমিনুর রশিদ ইয়াছিন, মীর সরফত আলী সপু, মো. রাশেদুল হক, অধ্যাপক ড. শাকিরুল ইসলাম খান শাকিল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাগপার খন্দকার লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ড. সোহাগ আউয়াল, অধ্যাপক আবুল কালাম সরকার, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, অধ্যাপক মহিউদ্দিন, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, প্রথম আলোর মতিউর রহমান, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, মানবকণ্ঠের সম্পাদক মো. শহীদুল ইসলাম, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক খুরশিদ আলমসহ বিভিন্ন গণমাধ্যম ও মিডিয়ার সম্পাদক-সিনিয়র সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার নাগরিক উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ৩৮টি দেশের কূটনীতিক ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওলামা দলের সভাপতি কাজী মো. আবুল হোসেনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ইশতেহারের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনী অঙ্গীকার প্রধান প্রতিশ্রুতি:

১. প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে

২,০০০-২,৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থ সেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

২. কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষি, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন।

৩. দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগপ্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

৪. আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং ‘মিড-ডে মিল’ চালু করা হবে।

৫. তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে।

৬. ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

৭. পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন ও পুনঃখনন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।

৮. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে।

৯. ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (পেপাল) চালু,

ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে।

ইশতেহারে তিন মৌলিক ভিত্তি:

তিনটি মৌলিক ভিত্তির ওপর বিএনপির নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা হয়েছে বলে ইশতেহারের মুখবন্ধে বলা হয়েছে। তিনটি মৌলিক বিষয় হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্রদর্শন, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এই ধারাবাহিকতাই বিএনপির রাজনীতির মৌলিক ভিত্তি।

বিএনপির রাজনীতি স্লোগাননির্ভর নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনাভিত্তিক। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে এ দূরদৃষ্টিসম্পন্ন ব্যাপক সামাজিক পরিকল্পনা, মানুষের কর্মসংস্থান, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সুষম উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আইনের শাসন এবং সামাজিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশকে বাস্তব উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। এই প্রেক্ষাপটে, চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘ইউ হ্যাভ আ প্ল্যান’-এর আলোকে বিএনপি একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করবে।

ইশতেহারে ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার:

ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে ইশতেহারে ৫১টি দফা বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি। ইশতেহারের প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এতে গণতন্ত্র; মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান; সাংবিধানিক সংস্কার, জাতিগঠন; সুশাসন (দুর্নীতি দমন, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ); স্থানীয় সরকারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের অঙ্গীকার করেছে বিএনপি। সেখানে দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কৃষক, কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য, দেশব্যাপী কর্মসংস্থান, যুব উন্নয়ন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শ্রম ও শ্রমিক কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী, সামাজিক ব্যাধির সমস্যা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পানিসম্পদ পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং পররাষ্ট্রনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশতেহারের তৃতীয় ভাগে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপি। এতে অর্থনীতির গণতন্ত্রায়ণ—ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, বেসরকারি খাত উন্নয়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাত সংস্কার, পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, শিল্প খাত, কারু ও হস্তশিল্প এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, সেবা খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ ও পরিবহন খাত, সুনীল অর্থনীতি, সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

ইশতেহারের চতুর্থ ভাগে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের অঙ্গীকার করেছে বিএনপি। এতে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী প্রতিষ্ঠা, উত্তরাঞ্চলের উন্নয়ন, হাওর-বাঁওড় অঞ্চলের উন্নয়ন, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, নগরায়ণ ও আবাসন, পর্যটন খাত এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ বিশেষ গুরুত্ব দিয়েছে দলটি।

পঞ্চম অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির ওপর গুরুত্ব দিয়েছে দলটি। এতে ধর্মীয় সম্প্রীতি, পাহাড় ও সমতলের নৃগোষ্ঠী, ক্রীড়া, গণমাধ্যম, শিল্প ও সংস্কৃতি, নৈতিকতার শক্তি পুনরুদ্ধারের পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য 

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, কঠোর হচ্ছে স্টেডিয়াম প্রবেশনীতি

ভেঙে গেল জার্মানীর বিশ্বকাপজয়ী তারকার দুই দশকের সংসার

আম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৫ খাবার

অবশেষে ‘অলৌকিক’ সেই গাছ নিয়ে রহস্যের অবসান

অস্ত্র নামাবে না হামাস, সামরিক অস্ত্রভাণ্ডারের সিদ্ধান্তও আলোচনা ছাড়া নয়

জিমেইল হ্যাক করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় মিসরের নিন্দা

১০

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

১১

বিয়ের মধ্যে প্রচলিত ৩০ কুসংস্কার

১২

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

১৩

‘খালে ময়লা ফেলা বন্ধ না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না’

১৪

রোনালদোর চেয়ে মেসি কেন সেরা, ব্যাখ্যা দিলেন ডি মারিয়া

১৫

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৬

কাফনের কাপড় বেঁধে যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

১৭

মোহাম্মদপুরে অভিযান, বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৬

১৮

মেয়ের বাবা হলেন শাকিব খান

১৯

রাতে মাঠে নামছে বাংলাদেশ-সান মারিনো, আলোচিত ম্যাচের ১০ তথ্য

২০
X