

ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আবার নির্দলীয় প্রতীক ফিরল। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এ-সংক্রান্ত পৃথক চারটি বিল পাস হয়। বিরোধী দলের বিরোধিতা ও বিতর্কের মধ্যেও এগুলোসহ জাতীয় সংসদে এক দিনে রেকর্ড ৩১টি বিল পাস হয়েছে। বিল পাসের সব প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর গণবিরোধী বিল পাসের অভিযোগ তুলে অল্প সময়ের জন্য মাগরিবের নামাজের আগে ওয়াকআউট করে জামায়াতে ইসলামী ও তাদের জোটবদ্ধ দলের সংসদ সদস্যরা। নামাজের পর তারা আবার সংসদ অধিবেশনে যোগ দেন।
আইনগুলো পাস হওয়ায় এখন থেকে স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে দলীয় প্রতীক ছাড়া আগের মতো নির্দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন মহলের বিরোধিতা সত্ত্বেও ২০১৫ সালে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা রেখে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন পাস করে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তার আগে সবসময় স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতো।
এদিকে বিলগুলো পাস হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন দেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিলটি পাসের প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্যের দেওয়া বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ করে বিরোধী দলের ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে কিছুক্ষণের জন্য ওয়াকআউট করে বিরোধী দল। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা ওয়াকআউট করে। এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল তৃতীয়বারের মতো ওয়াকআউট করল। ওয়াকআউটের আগে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এ জন্য আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।’ এই ঘোষণা দেওয়ার পরই শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
বিরোধী দল ওয়াকআউট করার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, ‘আমি ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং—সব প্রক্রিয়ায় উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও করেছেন। সব প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কি না, এটা জানার জন্য উঠেছি। সব প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আশা করি, মাগরিবের নামাজের পর আবারও অংশগ্রহণ করবেন।’ যদিও মাগরিবের বিরতির পর জামায়াত ফের অধিবেশনে অংশ নেয়। অংশ নিয়ে জামায়াত আমির প্রশ্ন রেখে বলেন, ওয়াকআউট করা অপরাধ নাকি?
গতকাল যে ৩১টি বিল পাস হয়েছে—জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬; বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬; শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬; পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬; বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ শ্রম সংশোধন বিল, ২০২৬; স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬; আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০২৬; সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬; সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬; জাতীয় মানবাধিকার কমিশন (রহিত ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬; ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল, ২০২৬; বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিল, ২০২৬; মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল, ২০২৬; বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) বিল, ২০২৬; মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল, ২০২৬; বন ও বৃক্ষ সংরক্ষণ বিল, ২০২৬; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) বিল, ২০২৬; বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০২৬; স্থানীয় সরকার (জেলা পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬; স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬; স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল, ২০২৬; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬; ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল, ২০২৬; বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) বিল, ২০২৬; এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (সংশোধন) বিল, ২০২৬।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এক দিনে এর আগে এত সংখ্যক বিল পাসের রেকর্ড নেই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম কার্যদিবসে ৩১টি বিল পাসের মধ্য দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল: অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের চলমান অধিবেশন পর্যবেক্ষণ করেছে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের কাছে সফররত প্রতিনিধিদলের উপস্থিতির কথা জানান এবং সংসদের সব সদস্যের পক্ষ থেকে তাদের স্বাগত জানান।