

ভারতের তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন অবশেষে নিশ্চিত করেছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। স্থানীয় রাজনৈতিক দল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে পাশে দাঁড়ানোর পর সরকার গঠনের সমীকরণে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় দলটি।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের অফিস লোকভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয় আজ রোববার সকাল ১০টায় শপথ নেবেন। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠিত হবে।
গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হয়। সেই নির্বাচনে সর্বাধিক আসন পায় তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের দল টিভিকে। দলটি ১০৮টি আসনে জয় পায়। এর মধ্যে বিজয় নিজে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফলে দলের মোট বিধায়কের সংখ্যা দাঁড়ায় ১০৭। তবে ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।
শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন সংখ্যা কার্যত ১১৬-তে সীমাবদ্ধ ছিল। গতকাল সকাল পর্যন্ত দলটি ভিসিকের আনুষ্ঠানিক সমর্থনের অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত ভিসিকে ও আইইউএমএলের সমর্থন পাওয়ায় দক্ষিণ ভারতের এই রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ উন্মুক্ত হয়েছে।
ভিসিকে ও আইইউএমএল দুটি করে মোট চারটি আসন টিভিকেকে দিয়েছে। এর ফলে দলটির আসনসংখ্যা বেড়ে ১২০-এ পৌঁছেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।
প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত হওয়ার পর টিভিকে কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সমর্থকদের উদ্দেশে দলপ্রধান ও সম্ভাব্য মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় বলেন, ‘উল্লাস শুরু করো।’
ভিসিকের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থে তারা থালাপতি বিজয়কে সমর্থন করছে। ভিসিকের বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত চিঠিটি রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পাঠানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল চেন্নাইয়ের লোকভবনে যান থালাপতি বিজয়। এ সময় তার সঙ্গে টিভিকের জ্যেষ্ঠ নেতারাও ছিলেন। সেখানে তিনি কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই(এম)-এর সমর্থনপত্র জমা দেন।
নিয়ম অনুযায়ী, সব রাজনৈতিক দলের সমর্থনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন বিজয় থালাপতি। এরপর রাজ্যপাল তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন।