

দেশের সবচেয়ে বড় সাহিত্য আয়োজন অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। রমজান মাসকে বিবেচনায় রেখে এবার প্রতিদিন মেলার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
বাংলা একাডেমি জানিয়েছে, মেলার প্রস্তুতির প্রায় ৬০ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন একাডেমির সচিব ও গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব মো. সেলিম রেজা। তিনি জানান, মেলা কমিটির একাধিক বৈঠকের পর আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
প্রকাশকদের পক্ষ থেকে ঈদের পর মেলা করার প্রস্তাব এলেও এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ধুলোবালি ও কালবৈশাখীর আশঙ্কা থাকায় তা বাস্তবসম্মত নয় বলে মনে করা হয়েছে। প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবার স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে।