কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

মাছ-সবজির বাজারে অস্থিরতা কাটেনি, মুরগিতে স্বস্তি

রোজায় নিত্যপণ্যের বাজার
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পবিত্র রমজানের শুরুতে ব্যবসায়ীদের মধ্যে পণ্যমূল্য বাড়ানোর যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছিল, চার রোজা শেষেও তার প্রভাব কাটেনি রাজধানীর বাজারগুলোতে। বিশেষ করে মাছ ও সবজির বাজারে এখনো বিরাজ করছে অস্থিরতা। তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুটা কমে আসায় ক্রেতাদের মধ্যে সামান্য স্বস্তি মিলেছে।

সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এক মাস আগে টাস্কফোর্স গঠন এবং আমদানি মনিটরিং নিশ্চিত করার পাশাপাশি এফবিসিসিআই পণ্যমূল্য না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন সামান্যই। রোজার এক সপ্তাহ আগে থেকেই মুদিপণ্য, সবজি, মাছ ও মাংসের ওপর সিন্ডিকেটের থাবা বসতে শুরু করে। তবে রোজা শুরুর চার দিন পর এসে মুরগির বাজারে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ২০০-২২০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ১৮০-১৯০ টাকায় নেমে এসেছে। একইভাবে ৩৫০ টাকায় ওঠা সোনালি মুরগি এখন ৩২০ টাকা কেজিতে মিলছে।

মালিবাগ বাজারে বাজার করতে আসা গাজী ইমাম হোসেন কালবেলাকে বলেন, ‘রোজার প্রথম দিকে দামের চাপ দেখে মাসিক বাজার করতে পারিনি। তাই আজ এসেছি। দাম কিছুটা কম। তবে এখনো আশানুরূপ নয়।’

মুরগির দামে কিছুটা স্বস্তি মিললেও মাছের বাজারে ভিন্ন চিত্র। রমজানে মাংসের বিকল্প হিসেবে মাছের চাহিদা বাড়ায় সব ধরনের মাছের দাম চড়া। সাধারণ মানের রুই ও কাতলা মাছ ওজনভেদে প্রতি কেজি ৩০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন আয়ের মানুষের ভরসা পাঙাশ ও তেলাপিয়াও গতকাল কেজিপ্রতি ২২০-২৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া পাবদা ৩৫০-৪০০ টাকা, শিং ৬৫০-৭৫০ টাকা এবং আকারভেদে চিংড়ি ৭৫০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, আড়তে সরবরাহ কম থাকায় বাজারে এই বাড়তি দাম।

সবজির বাজারে ইফতারের অপরিহার্য উপাদান লেবু, শসা ও বেগুনের দাম এখনো আকাশচুম্বী। তবে রোজার শুরুর তুলনায় লেবুর দাম কিছুটা কমেছে। শুরুর দিকে লেবুর হালি ১৫০ টাকা স্পর্শ করলেও এখন মাঝারি আকারের লেবু ৬০-৮০ টাকা এবং ভালো মানের লেবু ১০০-১২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। শসা কেজিপ্রতি ৮০-১০০ টাকা এবং বেগুন ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা রমজানের আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। সেগুনবাগিচা কাঁচাবাজারের দোকানি বাহার হোসেন কালবেলাকে বলেন, ‘রমজানে এককালীন চাহিদা কমে এসেছে। ফলে দাম ধীরে ধীরে কমে আসছে।’

গরু ও খাসির মাংসের বাজারে গতকাল সবচেয়ে বেশি অস্থিরতা লক্ষ্য করা গেছে। গরুর মাংস কেজিপ্রতি ৮২০-৮৫০ টাকা এবং হাড় ছাড়া মাংস ৯০০-৯৫০ টাকায় বিক্রি হয়েছে। খাসির মাংসের জন্য ভোক্তাকে গুনতে হচ্ছে ১০৫০-১৩০০ টাকা। মুদিপণ্যের মধ্যে ছোলা ৯৫-১০৫ টাকা ও চিনি ১০০-১১০ টাকায় স্থির থাকলেও সয়াবিন তেলের সংকট ও বাড়তি দাম নিয়ে ক্রেতাদের মাঝে চরম অসন্তোষ দেখা গেছে। খোলা সয়াবিন তেল ১৮৫-২০০ টাকা এবং পাম তেল ১৫৫-১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। অনেক দোকানে বোতলজাত সয়াবিন তেলেরও সংকট রয়েছে। এ ছাড়া মোটা চাল ৫৪-৬০ টাকা এবং নাজিরশাইল বা মিনিকেট চাল ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, খেজুরের আমদানি শুল্ক কমানোর প্রভাব বাজারে নেই বললেই চলে। সাধারণ মানের জাহিদি খেজুর ২৫০-৩০০ টাকা এবং উন্নত মানের মরিয়ম বা আজওয়া খেজুর এক হাজার থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হাসান মাহমুদ বলেন, ‘রোজার শুরু থেকেই ভাবছিলাম দাম কমবে, কিন্তু প্রতিদিন বাজারে এসে নতুন দাম শুনতে হচ্ছে। বিশেষ করে লেবু আর সয়াবিন তেলের দাম যেভাবে বেড়েছে, তাতে সেহরি আর ইফতারে কাটছাঁট করা ছাড়া উপায় নেই।’

খুচরা বিক্রেতারা এই ঊর্ধ্বগতির জন্য পাইকারি আড়তদার ও করপোরেট কোম্পানিগুলোকে দায়ী করছেন। তবে উন্নয়ন কর্মী মুনিরা চৌধুরী কালবেলাকে বলেন, ‘একটি পরিকল্পিত উন্নয়ন ব্যবস্থা, উৎপাদন এবং বণ্টন সমন্বয় করা এবং আইনের কঠোর প্রয়োগ বাজারকে নিয়ন্ত্রণে রাখতে পারে। সাধারণ জনগণকে স্বস্তি দিতে এর বিকল্প নেই।’

বাজার বিশ্লেষকদের মতে, টিসিবির কার্যক্রম জোরদার এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের এই আর্থিক চাপ ও ভোগান্তি সহজে কমবে না।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X