

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর সরকার গঠন করে অনেকটাই ফুরফুরে বিএনপি। তবে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ঢাকা মহানগরীসহ গুরুত্বপূর্ণ অঙ্গসহযোগী সংগঠনকে ঢেলে সাজাতে চায় দলটি। এ ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ কয়েকটি সংগঠনে নতুন কমিটি করতে চায় বিএনপির হাইকমান্ড। সেই লক্ষ্যে গত মাসে যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা করা হয়েছে। তা ছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হয়েছেন। দুই শীর্ষ নেতা সরকার ও নিজেদের নির্বাচনি এলাকার কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় সাংগঠনিক কাজে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে স্বেচ্ছাসেবক দলে। এমন অবস্থায় গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা। অনেকেই বলছেন, এটি তাদের বিদায়ী সাক্ষাৎ। সেজন্য স্বল্প সময়ের মধ্যে এই সংগঠনে নতুন কমিটি আসবে সংশ্লিষ্টরা বলছেন।
এদিকে ঢাকা মহানগরীতে দল শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষ নেতারাসহ একটি অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি দল শক্তিশালী করতে নির্দেশ দেন। আগামী শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ দুই নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি তারেক রহমান নিজে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মধ্যে মধ্যে নির্ধারিত সময়ে কথা বলবেন। শিগগির তিনি দলীয় কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি সপ্তাহে কিংবা দ্রুত সময়ের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক কমিটির ঘোষণা আসতে পারে। এবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদে অন্তত ডজনখানেক নেতার নাম আলোচনায় আছে। জানা গেছে, কমিটি গঠনে রাজপথের পরীক্ষা এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামের আমলনামাই হবে মূল ভরসা। তা ছাড়াও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও পরিবর্তনের আভাস মিলেছে। আগামী কয়েক দিনের মধ্যে ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে। এ বৈঠকে সাংগঠনিক নির্দেশনার পাশাপাশি নতুন কমিটিও আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সংগঠনের নতুন কমিটি গঠন-পুনর্গঠনের খবরে পদপ্রত্যাশীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। তারা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা তুলে ধরতে হাইকমান্ড ও নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেউ কেউ দলীয় সভা-সেমিনারে অনুসারীদের নিয়ে শক্তির জানান দিচ্ছেন।
মেয়াদোত্তীর্ণ স্বেচ্ছাসেবক দল: ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি ও রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় (আংশিক) কমিটি হয়। পরে ২৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হলেও এখনো ৩৭টি পদ শূন্য। এর মধ্যেই মেয়াদ শেষ হয়েছে স্বেচ্ছাসেবক দলের। তবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী গোপালগঞ্জ-৩ এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান বরিশাল-৪ আসনে এমপি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক এখন সরকারের একজন প্রতিমন্ত্রী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র সংসদ নির্বাচন করে পরাজিত হয়েছেন। এমন প্রেক্ষাপটে গত শনিবার রাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তিন নেতা। ওইদিন সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসব বৈঠক হয়। বৈঠকগুলোতে দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সংগঠনগুলোর নতুন কমিটি ঘোষণার আভাস দিয়েছে বিএনপির হাইকমান্ড।
স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির আলোচনায় ডজনখানেক নেতা: স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ শীর্ষ দুই পদে আলোচনায় রয়েছেন অন্তত ডজনখানেক নেতা। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সাবেক যুগ্ম সম্পাদক সাদরাজ জামান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন, নূরুল হুদা বাবু, আব্দুর রহিম হাওলাদার সেতু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম রফিক (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি), ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
খোঁজ নিয়ে জানা যায়, ইয়াছিন আলী বিগত ফ্যাসিস্ট আমলে নানাভাবে হামলা-মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন। ১৯৮৬ সালে ছাত্রদলের রাজনীতি শুরু করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে এখন স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে রয়েছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে শেখ হাসিনার রোষানলে পড়ে তিনি ২১০ মামলায় সাড়ে তিন বছর কারাবন্দি ছিলেন। তিনি এবার সভাপতি প্রার্থী।
সভাপতি পদে আলোচনায় থাকা বর্তমান ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন এর আগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সফলতার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের রাজনীতি দিয়ে তার রাজনীতির হাতেখড়ি। পর্যায়ক্রমে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ফখরুল ইসলাম রবিন বিগত ১৭ বছর ভোটাধিকার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের ৮০টি মিথ্যা মামলার শিকার হন। আন্দোলনের মাঠ থেকে কয়েকবার গ্রেপ্তার হয়ে বছরের পর বছর জেল খেটেছেন। তিনি ৯ দিন গুম ছিলেন। পরে হাত-পা ভেঙে আদালতে তোলেন তৎকালীন ওসি সালাহউদ্দিন। এ ছাড়া ডিবি অফিসে বিভিন্ন মামলায় মাসের পর মাস রিমান্ডে ছিলেন রবিন।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থীদের আলোচিতদের একজন হলেন ডা. জাহেদুল কবির জাহিদ। তিনি অতীতে সংগঠনটির সোহেল-সপু কমিটির সদস্য, সোহেল-বাবু কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, মোস্তাফিজ-জুয়েল কমিটির যুগ্ম সম্পাদক মর্যাদায় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, সর্বশেষ জিলানী-রাজীব কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি চিকিৎসকদের সংগঠন ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনীতি করতে গিয়ে বেশ কয়েকটি মামলায় একাধিকবার কারাভোগ করেছেন ডা. জাহিদ। শুধু তাই নয়, বিগত দেড় দশকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হাতেগোনা যে কয়েকজনকে দেখা যেত, তাদের অন্যতম হলেন ডা. জাহেদুল কবির। স্বেচ্ছাসেবক দলের আসন্ন কমিটিতে তিনি নিজেকে সভাপতি হিসেবে দেখতে চান বলে জানান।
সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ্জামান দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি কয়েকটি কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতি করতে গিয়ে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলাও করা হয়েছিল। একাধিকবার কারাবরণও করেছেন। তিনি আসন্ন কমিটির শীর্ষ পদপ্রত্যাশী বলে জানান।
স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এবং পরে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আসেন। রাজনীতি করতে গিয়ে বেশ কয়েকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। মাসের পর মাস জেলও খেটেছেন। নাজমুল হাসান এবার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, ‘আমি দলের কর্মী। দলের অভিভাবক তারেক রহমান যখন যেখানে দায়িত্ব দেবেন, তা পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
এর বাইরে জহির উদ্দিন তুহিন, নজরুল ইসলাম, কাজী মোখতার হোসাইন, নূরুল হুদা বাবু, আব্দুর রহিম হাওলাদার সেতু, আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম রফিক, ফজলুর রহমান খোকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ অনেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তাদের সবাই নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। অসংখ্য মামলার আসামি ছিলেন। মাসের পর মাস কারাভোগ করেছেন। তারও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদের জন্য আলোচনায়।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী কালবেলাকে বলেন, ‘আমরা আমাদের কাজ করছি। নতুন কমিটি করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।’
ঢাকা মহানগরে দল শক্তিশালী করার নির্দেশ: গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। জানতে চাইলে তানভীর আহমেদ রবিন কালবেলাকে বলেন, ‘নানা কারণেই সাংগঠনিক কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছে। আমরা মূলত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে সাংগঠনিক বিষয়ে কথা বলেছি। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তার আগেই আমাদের যেখানে সমস্যা ও দুর্বলতা রয়েছে, সেগুলো সমাধানের বিষয়ে বিএনপি চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি চেয়ারম্যান মহোদয় যখনই সময় পাবেন তিনি আমাদের নিয়মিতভাবে সময় দেবেন।’ মহানগরীর কমিটি ভাঙার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান রবিন।
তিনি আরও বলেন, ‘আমরা ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা এবং ৮০টি ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করেছি। তবে যেখানে দুর্বলতা রয়েছে সেখানে পুনর্বিন্যাস করব। এককথায় সংগঠন আগের জায়গায় নিয়ে যেতে বলেছেন বিএনপি চেয়ারম্যান।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ‘শিগগির প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সাক্ষাৎ করবেন।’