

প্রান্তিক এক নারীর প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই এবং টিকে থাকার গল্পের সিনেমা ‘আতরবিবিলেন’ মুক্তি পাচ্ছে আজ। সিনেমার মুক্তি ঘিরে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে পরিচালক মিজানুর রহমান লাবু জানান, আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। অনুষ্ঠানে সিনেমার ট্রেলার, গান এবং পোস্টার উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পী, নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।
পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মুস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্তসহ অনেকে।
সিনেমাটি প্রসঙ্গে লাবু বলেন, ‘দীর্ঘ প্রস্তুতি ও যত্নের মাধ্যমে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। আমি আশা করছি দর্শকরা দেখে সন্তুষ্ট হবেন এবং সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করার আমন্ত্রণ জানানো হলো।’
‘আতরবিবিলেন’ সিনেমার গল্পে উঠে এসেছে এক প্রান্তিক নারীর জীবনসংগ্রাম। স্বাভাবিক ও সুন্দর জীবনের স্বপ্ন দেখা সে, কিন্তু বাস্তবতার কঠিন চাপে বারবার প্রতারিত হতে হয় আতরবিবিকে। সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের বিরুদ্ধে তার লড়াই এবং প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলার গল্পই এই সিনেমার মূল উপজীব্য। এর মাধ্যমে প্রান্তিক নারীদের কঠিন বাস্তবতা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে পর্দায়। নির্মাতা জানিয়েছেন, ঢাকার বিভিন্ন লোকেশনের পাশাপাশি দৌলতদিয়া যৌনপল্লি, রাজবাড়ী, গোয়ালন্দ ও ফরিদপুরের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ করা হয়েছে।