

বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম ওমর সানী। ১৯৯৩ সালে ‘চাঁদের আলো’র মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে দ্রুতই দর্শকপ্রিয়তা অর্জন করেন। একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ফুটবল বিশ্বকাপ, সাম্প্রতিক ব্যস্ততা এবং স্ত্রী মৌসুমী প্রসঙ্গে কালবেলার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন দিবাকর বিশ্বাস
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে, আপনার প্রিয় দল এবং খেলোয়াড় কে?
আগেও প্রিয় দল ব্রাজিল ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রিয় ফুটবলার নেইমার, আর আগের ফুটবলারদের মধ্যে রোনালদো নাজারিও, রিভালদো আছে। তবে জিদান এবং মেসির খেলাও ভালো লাগে।
কী মনে হয়? এবার বিশ্বকাপ জিতবে কারা?
কোনো দলকেই শতভাগ আত্মবিশ্বাসী মনে হচ্ছে না। কে যে ঘুরে দাঁড়াবে বোঝা মুশকিল। তবে আমি ব্রাজিলের সাপোর্টার হিসেবে চাই, ব্রাজিল কাপ জিতুক। তবে বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলকে নিয়ে হতাশ।
২৯ বছর আগে ‘কুলি’ সিনেমায় অভিনয় করেছেন, সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কুলির চরিত্রে অভিনয় করেছেন। কী বলবেন?
আমি একজন শিল্পী। এতদিন পর একই চরিত্র ঝালাই করলাম, অবশ্যই ভালো লাগছে।
বর্তমানে আর কী কী কাজ নিয়ে ব্যস্ত আপনি?
কর্মজীবনে পর্যটন নিয়ে কাজ করছি। এ ছাড়া ‘চাপ ওয়ালা শশুর বাড়ি’ রেস্টুরেন্ট আছে মানিকগঞ্জে। আরেকটা হেমায়েতপুরে করব। এ ছাড়া মাঝেমধ্যে ফিল্মের কিছু কাজ নিয়ে আশাবাদী। ভালো চরিত্র পেলে লুফে নিই। সামনে হয়তো একটি সিনেমার শুটিংয়ে অংশ নেব, তবে সময় লাগবে।
কোন সিনেমা, বলা যাবে?
না, বলতে চাচ্ছি না ( হাসি)…
একটা সময় প্রচুর সিনেমা হতো, এফডিসিতে শুটিং ব্যস্ততা ছিল। সিনেমার আগের জৌলুস নেই। কতটা পোড়ায়?
কতটা পোড়ায় এর নমুনা যদি দেখানো যেত, পুড়ে অঙ্গার হয়ে গেছি।
অনেকেই বলছেন, সিনেমার খবর নেই সবাই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত…
সিনেমার খবর নেই, আসলেই তাই। নির্বাচন তো নির্বাচনের গতিতেই চলবে। যখন ১০০টা সিনেমা হতো তখন কী বলতেন? এ নির্বাচন তো এক দিন, দুই দিন ধরে হয় না। দুই বছর পর পর, ৩৮ বছর ধরে হচ্ছে। ৩৮ বছরের ইতিহাস টানেন না কেন? যারা সমালোচনা করে এদের নাম, পরিচয় কী?
শিল্পী সমিতির নির্বাচনে যারা জয়ী হবেন তাদের কাছে কী প্রত্যাশা?
প্রত্যাশা খুব বেশি নেই। সবাই মিলেমিশে থাকলেই হলো।
মৌসুমী অনেক দিন আমেরিকায়। দেশে ফিরবেন কবে?
পৃথিবীতে আমরা স্বামী, স্ত্রীই কি শুধু বাইরে আছি? আমার স্ত্রী ফিরবে কী ফিরবে না এটা নিয়ে সবার লাগে কেন? কারও খাই না, পরি না। টেন্ডার নিয়েছি যে বলব, কবে আসবে? কাউকে কৈফিয়ত দেব না। আমি বিরক্ত। এজন্যই ক্যামেরা এড়িয়ে চলি। সবার একটাই কথা আসবে কবে?