

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে সরকার ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিগত সরকার জনগণের সঙ্গে প্রযুক্তি সম্মিলন ঘটাতে ব্যর্থ হয়েছে।
শনিবার (০৪ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ‘বাংলা কিউআর কোড’ দিয়ে কেনাকাটার পর এ কথা বলেন তিনি।
বাংলা কিউআর-এর ব্যবহার ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রী ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়।
এসময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফ হোসেন খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।
সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।