মো. এনামুল হক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

লোহার টুং টাং শব্দে মুখরিত কামারপাড়া

কামারপাড়ায় চলছে লৌহজাত সরঞ্জাম বানানোর কাজ। ছবি : কালবেলা
কামারপাড়ায় চলছে লৌহজাত সরঞ্জাম বানানোর কাজ। ছবি : কালবেলা

ঘামছে কামার, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা, ভাঁতির ফাসফুস আর ঠুকঠাক ও টুং টাং শব্দে মুখরিত কামারপাড়া। নিমিষেই তৈরি করছে চাপাতি, দা, বঁটি, কাটারি, ছুরিসহ কোরবানির পশু কাটার লৌহজাত নানাবিধ সরঞ্জাম। দোকানের জ্বলন্ত আগুনের তাপে কামারদের কপাল থেকে ঝরছে ঘাম। চোখে-মুখে ক্লান্তির ছাপ। তবুও থেমে নেই তারা। সকাল পেরিয়ে রাত পর্যন্ত চলবে হাতুড়ি পেটার কাজ।

মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। আর এ ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জামালপুরের ইসলামপুর উপজেলার কামার শিল্পীরা। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য এখন চলছে চাপাতি, দা, বঁটি, ছুরিসহ নানা হাতিয়ার তৈরির কাজ। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রতিটি অঞ্চলের কামারপাড়া। গোসল-খাওয়া ভুলে নির্ঘুম রাত কাটছে তাদের।

জানা গেছে, এ বছর প্রতি পিস চাকু ১০০-১৫০ টাকা, দা ৩০০-৬০০ টাকা, ৬০০ টাকা কেজি দরে চাপাতি, জবাই ছুরি ৮০০-১২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া পুরোনো সব যন্ত্রপাতি শান দিতে গুনতে হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। সারা বছর তেমন কাজ না থাকায় অনেকেই বাধ্য হয়ে পৈতৃক এই পেশা পরিবর্তন করছেন বলে জানা গেছে।

উপজেলার বিভিন্ন বাজার বা কামারপাড়া ঘুরে দেখা যায়, প্রত্যন্ত জনপদের কামাররা এখন ব্যস্ত সময় পার করছেন। লাল আগুনের লোহায় কামারদের পিটুনিতে মুখর হয়ে উঠেছে দোকানগুলো। টুং টাং শব্দটি এখন তাদের জন্য এক প্রকার ছন্দ। যদিও বর্তমানে তেমন একটা বিক্রিবাট্টা নেই, তাই তাদের মুখে নেই কোনো উচ্ছ্বাস। তারপরও আসন্ন কোরবানির ঈদের কথা মাথায় রেখে নতুন আশায় বুক বেঁধে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। হাতুড়ি আর লোহার টুং টাং শব্দে মুখরিত কামার পট্টিগুলো। ঈদের দিন ভোরবেলা পর্যন্ত চলবে এমন ব্যস্ততা। তবে কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না। কিন্তু পূর্ব পুরুষের ব্যবসা টিকিয়ে রাখতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান কামার শিল্পীরা। বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠে তাদের এই হস্তশিল্প।

ইসলামপুর পৌরসভার ফকির পাড়া কামার পাড়া কামার শিল্পী সুকুমার, শংকর ও স্বপনসহ কয়েকজন জানান, এক সময় তাদের বেশ কদর ছিল, বর্তমানে তা আর নেই। তাই সারা বছর তেমন কোনো কাজ থাকে না। ফলে ধান কাটার মৌসুমে ও কোরবানি উপলক্ষে তাদের কাজের চাহিদা কিছুটা বেড়ে যায়। এ সময় তাদের দৈনিক ১০০০-১৫০০ টাকা পর্যন্ত আয় হয়। ব্যয় বাদে তাদের হাতে থাকে ৩০০ থেকে ৪০০ টাকা। বর্তমানে লোহা ও কয়লার দাম অনেক বেড়েছে। সে তুলনায় কামার শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়েনি।

তাদের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে।

ক্রেতা সিরাজ, মানিক, জাহাঙ্গীরসহ কয়েকজন জানান, গত বছরের তুলনায় এবার লোহার দাম অনেক বেশি। তাই লোহার তৈরি জিনিসের দামও অনেক বেড়েছে। দা ২৫০-৩৫০ টাকা, ছুরি ১৫০-৪০০ টাকা, বঁটি ৩০০-৫০০ টাকা, চাপাতি ১০০০-১৫০০ টাকা করে বেচাকেনা হচ্ছে।

উপজেলার মন্ডল পাড়া এলাকায় কামারপট্টির কামাররা রাত-দিন পরিশ্রম করে এসব সরঞ্জাম তৈরি করছেন। তবে ঈদের বেশ কিছুদিন বাকি থাকায় কামার পট্টিতে এখনো ক্রেতাদের তেমন দেখা যাচ্ছে না। যদিও দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেচাকেনা জমে উঠবে বলে প্রত্যাশা কামারদের।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১১

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১২

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৩

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৪

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৬

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৭

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৮

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৯

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

২০
X