

অতিবৃষ্টির কারণে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। সড়কটি দিয়ে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতানাবাদ গ্রামের এই সড়কটি ওই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান সড়ক। হাটবাজার, স্কুল-কলেজ কিংবা উপজেলা সদরে যাওয়ার জন্য প্রতিদিন হাজারো মানুষ এই সড়কটি ব্যবহার করেন। কিন্তু গত কয়েক দিনের বিরামহীন ও ভারী বর্ষণে সড়কের একটি বড় অংশ ভেঙে খাদের সৃষ্টি হয়েছে।
সুলতানাবাদ গ্রামের বাসিন্দা ও স্থানীয় কলেজছাত্র মো. রাজিব হোসেন বলেন, রাস্তাটা ভেঙে যাওয়ার পর থেকে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। যানবাহন চলে না। পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। রাবেয়া বেগম নামের এক গৃহিণী বলেন, রাস্তার যে অবস্থা গর্ভবতী নারী বা কোনো বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়ার মতো কোনো উপায় নেই।
ব্যবসায়ী আলহাজ মজিবুর রহমান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন ভ্যান ও ইজিবাইকে করে আমাদের কৃষিপণ্য বাজারে নিতে হতো। রাস্তা ভেঙে যাওয়ায় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ। এখন মাথায় করে মালামাল নিতে গিয়ে খরচ দ্বিগুণ হচ্ছে, আবার সময়মতো বাজারেও পৌঁছানো যাচ্ছে না। আমরা চরম লোকসানের মুখে পড়েছি।
সড়কটি ভেঙে যাওয়ার পর থেকে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়লেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জনদুর্ভোগ চরমে পৌঁছানোর আগেই ক্ষতিগ্রস্ত সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু ইবনে আব্বাস বলেন, সরেজমিনে পরিদর্শন করে সড়কের ভেঙে যাওয়া অংশগুলো সংস্কার করা হবে।