

জামালপুর সদর উপজেলার দিগপাইতে মাছ কিনতে গিয়ে বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাকের চাপায় এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত উপশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পাশে অবস্থিত মাছের আড়তে মাছ কিনতে গিয়ে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামালপুরগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে উঠে তাদের চাপা দেয়। এতে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দিগপাইত শাখার সাবেক সভাপতি ও বাসচালক আতাউর রহমান ননী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন।
আহতদের জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। অপর গুরুতর আহত আতাউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি মহাসড়কে ফেলে রেখে চালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালক পালিয়ে গেছেন। নিহত আতাউর রহমান ননীর মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।