

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট দেওয়া শুরু করেছেন শিল্পীরা। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে দুটি প্যানেল মুখোমুখি হওয়ায় শুরু থেকেই নির্বাচন ঘিরে রয়েছে বাড়তি উত্তেজনা। এদিকে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে বিএফডিসি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিবেশ খুব ভালো ও শান্তিপূর্ণ আছে। আশা করছি, সব ঠিকঠাক ও শান্তিপূর্ণভাবেই শেষ হবে।’
দুই প্যানেলে লড়ছেন যারা নির্বাচনে এক প্যানেলে থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইটার, প্রযোজক ও অভিনেতা আরমান, তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে শিবা সানু সভাপতি পদে এবং জয় চৌধুরী সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।
আরমান-মুক্তি পরিষদে সহসভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে খল অভিনেতা কামরুজ্জামান কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন—মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।
শিবা সানু-জয় চৌধুরী পরিষদ থেকে সহসভাপতি পদে ডি এ তায়েব ও রোজিনা; সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রার্থী হয়েছেন।
এ প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য প্রার্থীরা হলেন—আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা।
কিবরিয়া লিপু ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।