

বাংলাদেশ চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা দীর্ঘদিন ধরেই নিয়মিত অভিনয় থেকে দূরে। নানা শারীরিক জটিলতায় বেশিরভাগ সময় কাটে ঘরেই। তবে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা আজও অটুট। তাই শিল্পী সমিতির নির্বাচনসহ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ আয়োজনগুলোতে সুযোগ পেলেই ছুটে আসেন প্রিয় কর্মক্ষেত্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে তিনি সংগঠনের ভবিষ্যৎ, শিল্পীদের অধিকার এবং প্রবীণ শিল্পীদের কাজের সুযোগ নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন।
কল্পনা বলেন, ‘আমি একজন শিল্পী হিসেবে এখানে ভোট দিতে এসেছি। আমাদের সংগঠনের স্বার্থে এসেছি। আমরা চাই যোগ্য মানুষরা নির্বাচিত হোক। এমন নেতৃত্ব আসুক, যারা সংগঠনের উন্নয়ন করবে এবং শিল্পীদের কল্যাণে কাজ করবে।’
প্রবীণ শিল্পীদের অবমূল্যায়নের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আসলে আমরা যারা শিল্পী, আমাদের অনেক সময় অবমূল্যায়ন করা হয়। মনে করা হয় আমাদের শারীরিক বা মানসিক সক্ষমতা নেই। কিন্তু বাস্তবতা তা নয়। আমি যদি ঘরে বসে স্বাভাবিকভাবে কথা বলতে পারি, তাহলে আমি কেন সংলাপ দিতে পারব না? আমি যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি, তাহলে অভিনয় করতে পারব না—এমনটা কীভাবে বলা যায়?’
তিনি আরও বলেন, ‘আমাদের যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। অথচ আমরা এখনো অভিনয় করতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গেই থাকতে চাই।’
নায়িকা হিসেবে অভিনয় জীবন শুরু করা খালেদা আক্তার কল্পনা পরবর্তীতে বড় বোন, ভাবী ও মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বহুমাত্রিক অভিনয়শিল্পী হিসেবে।
উল্লেখ্য, কল্পনাকে সর্বশেষ পরিচালক মুন্না খানের সিনেমা ‘তছনছ’-এ দেখা গেছে।