

বাংলা গানের ইতিহাসে সৈয়দ আব্দুল হাদী এমন এক শিল্পীর নাম, যার কণ্ঠে প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, মানবিকতা ও জীবনের নানা অনুভব পেয়েছে অনন্য প্রকাশ। বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর গান, কর্ম ও জীবনের গল্প নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাইখ সিরাজ নির্মাণ করেছেন বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’।
এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে স্থান করে নেওয়া এই শিল্পীর জীবন, কর্ম, সংগ্রাম, শিল্প ভাবনা এবং সংগীতযাত্রার নানা অজানা অধ্যায়। আগামী ১ জুলাই ২০২৬, বুধবার, সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার করা হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণ করেছেন তার শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তার প্রত্যাশা। একই সঙ্গে উঠে এসেছে তার কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথ চলার নানা অভিজ্ঞতা।
প্রামাণ্যচিত্রটি নির্মাণ প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘সৈয়দ আব্দুল হাদী যেমন একজন জনপ্রিয় শিল্পী; তেমনি তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান আমাদের ব্যক্তিগত স্মৃতি সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু তার সাফল্যের গল্প নয়, বরং একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্যও এটি হবে একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল।’