কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে পিভিসি (PVC) ও পিইটি (PET) রেজিনের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাবকে কেন্দ্র করে দেশের ডাউনস্ট্রিম উৎপাদন খাতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট শিল্পখাতের উদ্যোক্তারা বলছেন, এই পদক্ষেপ উৎপাদন ব্যয় বাড়িয়ে দেবে এবং দেশের আপস্ট্রিম রেজিন উৎপাদন খাত তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবে।

প্রস্তাবিত বাজেটে পিভিসি ও পিইটি রেজিন আমদানির ওপর কাস্টমস শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। শিল্প সংশ্লিষ্টদের মতে, কাস্টমস মূল্যায়ন (Assessment Value) এবং অন্যান্য প্রযোজ্য কর-শুল্ক যুক্ত হলে আমদানি করা পিভিসি রেজিনের কার্যকর করের বোঝা ৩০ থেকে ৩২ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫ লাখ টন পিভিসি রেজিন এবং ৩.৫ লাখ টন পিইটি রেজিনের চাহিদা রয়েছে। এর বিপরীতে দেশে উৎপাদন সক্ষমতা যথাক্রমে প্রায় ১.৫ লাখ টন এবং ১ লাখ টন। ফলে মোট চাহিদার প্রায় ৭০ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।

শিল্প উদ্যোক্তাদের মতে, কাঁচামালের জন্য এত বড় পরিসরে আমদানিনির্ভর হওয়ায় শুল্ক বৃদ্ধির প্রভাব সরাসরি উৎপাদন ব্যয়ের ওপর পড়বে। এর ফলে পিভিসি পাইপ, পানি সরবরাহ ব্যবস্থা, বৈদ্যুতিক কনডুইট, পানীয় বোতল, ওষুধ শিল্পের প্যাকেজিং, খাদ্য প্যাকেজিং, কৃষি খাত এবং বিভিন্ন শিল্পপণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে।

তারা আরও জানান, অতিরিক্ত ব্যয়ের আরেকটি কারণ হচ্ছে কাস্টমস মূল্যায়ন পদ্ধতি। আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন পিভিসি রেজিনের আমদানি মূল্য প্রায় ৮৩৪ মার্কিন ডলার হলেও কাস্টমসে এর মূল্যায়ন প্রায় ১,০০০ মার্কিন ডলারের ভিত্তিতে করা হয়। ফলে প্রকৃত ক্রয়মূল্যের চেয়ে বেশি মূল্যের ওপর কর আরোপ হওয়ায় আমদানি ব্যয় আরও বেড়ে যায়।

শিল্পমহলের ভাষ্য, উচ্চ মূল্যায়ন এবং শুল্ক বৃদ্ধির সম্মিলিত প্রভাবে উৎপাদন শুরু হওয়ার আগেই কাঁচামালের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

শিল্পখাতের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৪৫০টিরও বেশি পিভিসি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কয়েক শ পিইটি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এসব ডাউনস্ট্রিম শিল্পে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং প্রক্রিয়াজাতকরণ ও চূড়ান্ত পণ্য উৎপাদনের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ দেশীয় মূল্য সংযোজন (Value Addition) সৃষ্টি হচ্ছে।

অন্যদিকে, প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগে স্থাপিত একটি আধুনিক আপস্ট্রিম পিভিসি বা পিইটি রেজিন কারখানায় সরাসরি কর্মসংস্থান হয় আনুমানিক ২৫০ জন লোকের এবং দেশীয় মূল্য সংযোজনের হার প্রায় ১৫ শতাংশ।

এ কারণে সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান নীতিকাঠামো মূলধননির্ভর আপস্ট্রিম রেজিন উৎপাদনকে তুলনামূলক বেশি উৎসাহিত করছে, অথচ বৃহৎ ডাউনস্ট্রিম উৎপাদন খাতের ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

তাদের মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি অবকাঠামো উন্নয়ন, ওষুধ শিল্প, খাদ্য প্যাকেজিং, কৃষি এবং ভোক্তা পর্যায়ের বিভিন্ন পণ্যের দামের ওপর প্রভাব ফেলবে। বিশেষ করে পানি সরবরাহ, স্যানিটেশন এবং নির্মাণ প্রকল্পে ব্যবহৃত পিভিসি পাইপের দাম আরও বাড়তে পারে।

এ ছাড়া, ফার্মাসিউটিক্যাল গ্রেড অ্যালুমিনিয়াম ফয়েল এবং পিইটি-ভিত্তিক প্যাকেজিং উপকরণের ওপর শুল্ক বৃদ্ধির ফলে ওষুধ শিল্পেও প্যাকেজিং ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ববাজারের পরিস্থিতিও কাঁচামালের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার সময় আন্তর্জাতিক বাজারে পিভিসি রেজিনের দাম প্রতি টন প্রায় ৯০০ মার্কিন ডলার থেকে বেড়ে ১,৫০০–১,৬০০ মার্কিন ডলারে পৌঁছায়, যদিও পরে কিছুটা কমেছে।

স্থানীয় উৎপাদনকারীদের দাবি, এর প্রভাব ইতোমধ্যে বাংলাদেশেও দৃশ্যমান। গত কয়েক মাসে রেজিনের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে হাজারো ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে।

শিল্প সংশ্লিষ্টদের মতে, এর প্রভাব শুধু প্লাস্টিক শিল্পেই সীমাবদ্ধ থাকবে না। কাঁচামালের ব্যয় বৃদ্ধি দেশীয় উৎপাদকদের প্রতিযোগিতা সক্ষমতা কমাতে পারে, তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের ব্যয় বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে সামগ্রিক দেশীয় মূল্য সংযোজনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কিছু শিল্প উদ্যোক্তা প্রশ্ন তুলেছেন, বর্তমান নীতি অনিচ্ছাকৃতভাবে আপস্ট্রিম রেজিন উৎপাদন খাতকে বেশি সুবিধা দিচ্ছে, অথচ বৃহত্তর ডাউনস্ট্রিম শিল্পখাতকে অতিরিক্ত ব্যয়ের মুখে ফেলছে। তাদের মতে, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ এবং শিল্পায়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিযোগিতামূলক ডাউনস্ট্রিম উৎপাদন খাতকে সুরক্ষা দেওয়া জরুরি।

শিল্প উদ্যোক্তাদের মতে, সরকারের এই শুল্ক বৃদ্ধির মূল উদ্দেশ্য দেশীয় রেজিন উৎপাদনকে উৎসাহিত করা এবং শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ আরও শক্তিশালী করা।

তবে তাদের দাবি, বর্তমানে দেশের রেজিন উৎপাদন সক্ষমতা জাতীয় চাহিদার তুলনায় এখনও পর্যাপ্ত নয়। ফলে বৃহৎ পরিসরে আমদানির বিকল্প তৈরি না হওয়া পর্যন্ত শুল্ক বৃদ্ধি ডাউনস্ট্রিম শিল্পের উৎপাদন ব্যয় বাড়াবে, কিন্তু দেশের আমদানিনির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমাতে পারবে না।

যদিও সংশ্লিষ্টরা দেশীয় রেজিন উৎপাদনকে উৎসাহিত করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তবে তাদের সুপারিশ—দেশীয় উৎপাদন সক্ষমতা জাতীয় চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণে সক্ষম না হওয়া পর্যন্ত বিদ্যমান ৫ শতাংশ কাস্টমস শুল্ক বহাল রাখা উচিত।

শিল্প উদ্যোক্তাদের মতে, বাংলাদেশের শিল্পায়নের চলমান যাত্রায় আপস্ট্রিম বিনিয়োগকে উৎসাহিত করার পাশাপাশি ডাউনস্ট্রিম উৎপাদন খাতের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার মধ্যে ভারসাম্য সৃষ্টি করাই হবে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান, দেশীয় মূল্য সংযোজন এবং টেকসই শিল্প প্রবৃদ্ধি নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১২

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৩

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৪

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৬

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৭

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৮

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৯

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

২০
X