

গণঅভ্যুত্থান ২০২৪-এর স্মরণে আগামী জুলাই-আগস্ট মাসব্যাপী দেশজুড়ে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান শাখাকে কর্মসূচিগুলো বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) ছাত্র জমিয়ত বাংলাদেশের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ, আহতদের ত্যাগ-তিতিক্ষা এবং মাদরাসা শিক্ষার্থীদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে দুই মাসব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা; সকল ক্যাম্পাসে গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী এবং ‘গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক আলোচনা সভা; শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়; ‘ইতিহাসের জীবন্ত সাক্ষী’ শীর্ষক গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়; আগস্ট মাসব্যাপী দেশের সকল জেলা ও মহানগরে ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা এবং গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় সংগঠনের সব শাখায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন।
কর্মসূচি প্রসঙ্গে ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির কালবেলাকে বলেন, ‘গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই স্মরণীয় জুলাই-আগস্ট উপলক্ষে দেশব্যাপী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা চাই, প্রতিটি শাখা কেবল আনুষ্ঠানিকতা পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াক এবং আলোচনা-সেমিনারের মাধ্যমে গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও শিক্ষা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিক। একই সঙ্গে বৈষম্য, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণসচেতনতা তৈরিতেও এসব কর্মসূচি ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
নির্দেশনায় আরও বলা হয়, স্থানীয় বাস্তবতা বিবেচনায় শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে কর্মসূচিগুলো বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি কর্মসূচির ছবি, ভিডিও ও সংক্ষিপ্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য সংশ্লিষ্ট শাখাগুলোকে অনুরোধ জানানো হয়েছে।