

ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভারত। গত বৃহস্পতিবার এই ঘোষণা দেন জিম্বাবুয়ে সফরে ভারতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তী প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ। তিনি ভারতীয় দলের ড্রেসিংরুমে ‘বেস্ট অ্যাটিটিউড অ্যাওয়ার্ড’ (সেরা আচরণের পুরস্কার) চালু করেন। এনডিটিভি’র প্রতিবেদন।
কে কত রান করলেন বা কয়টি উইকেট নিলেন, তার ওপর এই পুরস্কার নির্ভর করছে না। এই পুরস্কারের ক্ষেত্রে প্রচেষ্টা, মানসিকতা এবং শৃঙ্খলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
সিরিজের প্রথম ম্যাচের পর এই পুরস্কার জিতেন তিলক ভার্মা। সেই ম্যাচে তিলক একটি ক্যাচ নিয়েছেন, একটি চার মেরেছেন এবং দলের জয়সূচক রান তার ব্যাট থেকে এসেছে। একেবারেই সাধারণ পারফরম্যান্স। কিন্তু লক্ষ্মণ এমন ভাবে এই পুরস্কারটির পরিকল্পনা করেছেন, যাতে সাধারণ স্কোরকার্ডে ধরা না পড়া সূক্ষ্ম বিষয়গুলোকেও তুলে ধরা যায়।
পুরস্কারটির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে লক্ষ্মণ বলেন, ‘একজনের মনোভাব বা ইতিবাচক মানসিকতা তার দক্ষতারই সমতুল্য। তাই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, এই সিরিজের তিনটি ম্যাচে শুধু ফিল্ডিং, বোলিং এবং ব্যাটিংয়ের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হবে না। বরং ইতিবাচক মানসিকতাকেই আমরা পুরস্কৃত করছি।’
কে এই পুরস্কার পাবেন, তা বাছাই করবে টিম ম্যানেজমেন্টের সাপোর্টিং স্টাফরা। চলতি সিরিজে এই দায়িত্ব পড়েছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হর্ষ এবং পারফরম্যান্স কোচ জয়ের উপর।
অনুশীলনে তিলকের নিরলস পরিশ্রমের প্রশংসা করে হর্ষ বলেন, ‘এই একজন ক্রিকেটার শুধু মাঠের বাইরেই নিজেকে প্রস্তুত করেনি, মাঠের ভিতরেও সেরাটা দিয়েছে। সেই সময়ে এতটাই ক্ষিপ্রতার সঙ্গে এবং মনোযোগ দিয়ে নিজের কাজ করেছে, যখন হয়তো অতটার প্রয়োজনই ছিল না।’
পুরস্কার জিতে তিলক ভার্মা বলেন, ‘আমি সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। মাঠের বাইরে আমি যা কিছু করি, তা আমাকে মাঠের ভিতরের পারফরম্যান্সে সাহায্য করে।’