

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতে সুযোগ বৃদ্ধি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (পিপল-টু-পিপল কানেক্টিভিটি) জোরদারের বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দেন।
এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।