

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়াকে শান্তি আলোচনার টেবিলে আনতে চীনের সহায়তা চেয়েছে নরওয়ে। দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে বলেছেন, রুশ নেতৃত্বের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগ চীনেরই রয়েছে। তাই বেইজিং চাইলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার নরওয়ের রাজধানী অসলোতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক শেষে স্টোরে বলেন, আমরা আশা করছি, রাশিয়ার সঙ্গে চীন তাদের সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখবে।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকের বেশিরভাগ সময় আলোচনা হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুদ্ধ চলতে থাকায় এবং রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইউরোপ ও চীনের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ সীমিত হয়ে আছে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের সঙ্গে আলোচনা গঠনমূলক ও ইতিবাচক হয়েছে। তবে চীন রাশিয়াকে আলোচনায় আনতে কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
নরওয়ের কর্মকর্তারা মনে করেন, কোনো পূর্বশর্ত ছাড়াই যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি আলোচনা শুরু হওয়া উচিত। তাদের মতে, বর্তমান যুদ্ধরেখাকে ভিত্তি ধরে যুদ্ধবিরতিতে রাজি হওয়াও ইউক্রেনের জন্য বড় ধরনের ছাড়।
এদিকে, নরওয়ে সফরের আগে ওয়াং ই ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড সফর করেন। চীনের প্রকাশিত বিবৃতিতে রাশিয়ার প্রসঙ্গ না থাকলেও বাণিজ্য ও সবুজ প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধান আগের চেয়ে অনেক কাছাকাছি এবং তুরস্কে ন্যাটো সম্মেলনের ফাঁকে তিনি এ বিষয়ে আলোচনা করবেন।
সূত্র: রয়টার্স