

কাতারের বৃহত্তম গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র রাস লাফান শিল্পাঞ্চলের একটি গ্যাস স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন ভারতীয় ও পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬ জন।
রোববার রাতে রাস লাফান শিল্পাঞ্চলের বারাজান গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এটি কোনো হামলা বা নাশকতার ঘটনা নয় বলেও তিনি নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের শব্দ রাজধানী দোহা পর্যন্ত শোনা গেছে। তবে এ ঘটনায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাস লাফান শিল্পাঞ্চল দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখান থেকে কাতারের বিদ্যুৎকেন্দ্র, পানি শোধনাগার এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করা হয়।
উল্লেখ্য, রক্ষণাবেক্ষণের জন্য ২০২৫ সালের ডিসেম্বর থেকে বন্ধ থাকা এই গ্যাস স্থাপনাটি মাত্র দুই দিন আগে আবার চালু করা হয়েছিল।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এই দুর্ঘটনাকে কাতারের জ্বালানি খাতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কাতার কর্তৃপক্ষ।
সূত্র: এবিসি নিউজ