

ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা শহরের উপকূল থেকে মাছ ধরার সময় সাত ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, আজ-জাওয়াইদার পশ্চিমে সমুদ্রে মাছ ধরার সময় ইসরায়েলি নৌবাহিনী জেলেদের নৌকা ঘিরে ফেলে। পরে তাদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
তাৎক্ষণিকভাবে আটক জেলেদের পরিচয় বা তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এ ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার নাবলুস, রামাল্লাহ ও আল-বিরেহসহ বিভিন্ন শহর ও গ্রামে অভিযান চালিয়েছে তারা। এর পরও সেসব স্থান থেকে সরে না এসে সেনা মোতায়েন করা হয়। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, নাবলুসের দক্ষিণে মাদামা শহরে অভিযান চালিয়ে একটি সামরিক বুলডোজারের মাধ্যমে ফিলিস্তিনিদের জমিতে থাকা কয়েক ডজন জলপাই গাছ উপড়ে ফেলা হয়। এ গাছগুলো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্যবহৃত একটি বাইপাস সড়কের পাশের এলাকায় ছিল।
রামাল্লাহর উত্তর-পশ্চিমাঞ্চলের বেইত রিমা ও কাফর আইন শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেনারা টিয়ার গ্যাস ও রাবার-আবৃত বুলেট নিক্ষেপ করে।