

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্তমান সংকট থেকে বের হওয়ার জন্য ‘আরও ভালো পথ’ খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসার পরিকল্পনা তাদের নেই।
শাফাক নিউজের খবরে বলা হয়েছে, বুধবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র হাসান কাশকাভি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে এ কথা বলেন।
এর আগে ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় (সেতু ও বিদ্যুৎকেন্দ্র) হামলা চালাবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী এবং শিগগিরই তারা আলোচনার জন্য প্রস্তুত হবে।
তবে ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করে কাশকাভি বলেন, ‘তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা চায় না। বর্তমান সংকট থেকে বের হওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত আরও ভালো পথ খুঁজে নেওয়া।’
তিনি আরও বলেন,
বারবার মিথ্যা বলেও এখন আর বাজারে সাময়িক স্বস্তি আনতে পারছেন না।
অন্যদিকে, ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থার এক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সেতু বা বিদ্যুৎ স্থাপনায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে তেহরান।