

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার সচিবালয়ে কর্মকর্তা ও বিধায়কদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের কার্যক্রম কার্যকর হয়েছে। অননুমোদিত সব টোল গেট অবিলম্বে বন্ধ করতে নির্দেশনা জারি করেছে রাজ্য সরকার। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডার চালুর পাশাপাশি বহাল থাকা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হচ্ছে।
বিজেপির নেতৃত্বে রাজ্য সরকার গঠনের কয়েকদিনের মধ্যে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে এ নির্বাচনে ভরাডুবি হওয়ার পর দল গোছাতে মাঠে নেমেছেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নির্বাচনে অন্তত ১০০ আসনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। এমন পরিস্থিতিতে করণীয় নিয়ে দলের নেতাদের সঙ্গে আগামীকাল শুক্রবার বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। মমতার কালীঘাটের দপ্তরে সেই বৈঠকে অংশ নেবেন বিভিন্ন জেলার নেতা, বিধায়ক ও সংসদ সদস্যরা। মমতা দলের নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নতুন করে দলকে সাজানোর দিকনির্দেশনা দেবেন।
এদিকে মুখ্যমন্ত্রী একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে বলেছেন, রাজ্যের উন্নয়ন হবে দিল্লি ও কলকাতার ডাবল ইঞ্জিনের সরকারের হাত ধরে। এ সরকারই এই রাজ্যবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
শুভেন্দু বলেন, সোমবার থেকে কার্যকর করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের কার্যক্রম। কেন্দ্রীয় সরকারের আলোচিত আয়ুষ্মান প্রকল্প চালু হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, ১ জুন থেকে চালু হচ্ছে বাংলার মা-বোনদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। পাশাপাশি এ রাজ্যের কোনো চালু প্রকল্প বন্ধ করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করা হয়েছে। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, ক্ষমতায় গেলেই সরকারি বাসে নারীদের টিকিট ফ্রি হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর নবান্নে বসে শুভেন্দু তার সেই প্রতিশ্রুতির অনুমোদন দিলেন। এবার ১ জুন থেকে পশ্চিমবঙ্গে সব সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে নারীদের কোনো টিকিট লাগবে না।
বিধায়কদের শপথ: গতকাল বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে শপথ নেন। এরপর নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পালকে শপথ পড়ান প্রো-টেম স্পিকার প্রতীম তাপস রায়। আগামীকালও চলবে শপথগ্রহণ পর্ব।
শপথগ্রহণের আগে শুভেন্দুকে গতকাল বিধানসভা চত্বরে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে, বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানান তাপস রায়। পরে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট কক্ষে গিয়ে তিনি পূজা দেন।