

স্কটল্যান্ডের গ্লাসগোতে ৭৪টি দেশ ও অঞ্চলের তিন হাজারের বেশি ক্রীড়াবিদের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের।
গ্লাসগোর বিখ্যাত ওভিও হাইড্রো (OVO Hydro)-তে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ১১ দিনের এই ক্রীড়াযজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
এবারের আসরে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৭৪টি দেশ ও অঞ্চলের তিন হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন। ১০টি খেলায় মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। আগামী ২ আগস্ট পর্দা নামবে এবারের গেমসের। বাংলাদেশ চারটি ডিসিপ্লিনে ১৭ জন অ্যাথলেট নিয়ে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ‘কিংস ব্যাটন’ থেকে তার বিশেষ বার্তা পাঠ করবেন। ২০২৫ সালের ১০ মার্চ কমনওয়েলথ দিবসে বাকিংহাম প্যালেসে কিংস ব্যাটন রিলের উদ্বোধনের সময় তিনি এই বার্তাটি ব্যাটনের মধ্যে সংরক্ষণ করেছিলেন। সেই বার্তা পাঠের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের উদ্বোধন ঘোষণা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ব্রিটেনের কিংবদন্তি সাইক্লিস্ট স্যার ক্রিস হয়। ছয়বারের অলিম্পিক স্বর্ণজয়ী ও দুইবারের কমনওয়েলথ চ্যাম্পিয়ন এই ক্রীড়াবিদ ২০২৫ সালে কিংস ব্যাটন রিলের প্রথম ব্যাটনবাহক ছিলেন।
৫০০ দিনের যাত্রায় কিংস ব্যাটন কমনওয়েলথের ৭৪টি দেশ ও অঞ্চল ভ্রমণ করেছে। এটি কমনওয়েলথ গেমসের ইতিহাসে দীর্ঘতম ব্যাটন রিলে। এই ঐতিহাসিক সফরের অংশ ছিল বাংলাদেশও। ২০২৫ সালের ডিসেম্বরে কিংস ব্যাটন বাংলাদেশে পৌঁছায় এবং এশিয়া পর্বের শেষ গন্তব্য ছিল বাংলাদেশ।
গ্লাসগোতে প্রথমবারের মতো ৭৪টি ব্যাটন একত্রিত হবে। স্কটল্যান্ডের ব্যাটনটি গ্লাসগো শহরেই টেকসই উৎস থেকে সংগ্রহ করা অ্যাশ কাঠ দিয়ে হাতে তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সেটি রাজা তৃতীয় চার্লসের হাতে তুলে দেওয়া হবে।
স্যার ক্রিস হয় বলেন, রাজা ও রানির সঙ্গে গ্লাসগো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা তার জন্য অত্যন্ত সম্মানের। নিজের দেশে আয়োজিত কমনওয়েলথ গেমস সব সময়ই বিশেষ। তিনি আশা প্রকাশ করেন, গ্লাসগো আবারও সফল ও স্মরণীয় একটি আসরের আয়োজন করবে।
কমনওয়েলথ স্পোর্টের প্রেসিডেন্ট ড. ডোনাল্ড রুকারে বলেন, রাজা তৃতীয় চার্লসের শাসনামলে এটি প্রথম কমনওয়েলথ গেমস। একই সঙ্গে প্রথম কিংস ব্যাটন রিলের সমাপ্তিও ঘটবে এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। তাঁর বিশ্বাস, গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ ক্রীড়া আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা করবে।
গ্লাসগো ২০২৬-এর চেয়ারম্যান জর্জ ব্ল্যাক বলেন, রাজা ও রানিকে ওভিও হাইড্রোতে স্বাগত জানাতে পারা আয়োজকদের জন্য গর্বের বিষয়।
বিশ্বের অন্যতম পরিচিত বিনোদন ভেন্যু ওভিও হাইড্রোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গ্লাসগোর সংস্কৃতি, ঐতিহ্য, স্বকীয়তা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আতিথেয়তার চিত্র তুলে ধরা হবে। রাজা, রানি ও স্যার ক্রিস হয়ের অংশগ্রহণসংক্রান্ত বিস্তারিত কর্মসূচি পরে ঘোষণা করা হবে।
কমনওয়েলথ গেমসের সংক্ষিপ্ত ইতিহাস
কমনওয়েলথ গেমস হলো কমনওয়েলথভুক্ত দেশগুলোর অ্যাথলেটদের অংশগ্রহণে প্রতি চার বছর পর অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা। ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে এই গেমসের যাত্রা শুরু হয়। পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের পরিবেশের কারণে এই আসরটি বিশ্বজুড়ে ‘ফ্রেন্ডলি গেমস’ নামেও পরিচিত।
১৮৯১ সালে রেভারেন্ড অ্যাশলে কুপার প্রথম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশগুলোর মধ্যে প্রতি চার বছর পর একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন। পরে ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেক উপলক্ষে লন্ডনে আয়োজিত আন্তঃসাম্রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা বর্তমান কমনওয়েলথ গেমসের ভিত্তি তৈরি করে।
এরপর ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে প্রথম আনুষ্ঠানিক কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। সেই আসরে ১১টি দেশের প্রায় ৪০০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন।