

পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রধান প্রতিযোগী চীনের রপ্তানি ব্যাপক হারে কমেছে। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ৫৩ শতাংশ রপ্তানি কমেছে চীনের, যার মধ্যে গত মার্চ মাসেই কমেছে ৩৭ শতাংশ। রপ্তানি কমেছে বাংলাদেশেরও, তবে তুলনামূলক কম।
চীনের রপ্তানি কমার সুযোগ নিয়েছে ভিয়েতনাম ও বাংলাদেশ। ভিয়েতনাম মার্চ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষস্থানে উঠে এসেছে। এসময় বাংলাদেশের রপ্তানি না বাড়লেও কমার হার সামান্য।
এতে বাংলাদেশও চীনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যদিও সেই সুযোগ গত ফেব্রুয়ারি মাসেই তৈরি হয়েছে। তবে মার্চ শেষেও সেই অবস্থান সুসংহত করেছে।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৭৭৩ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬০ শতাংশ কম।
এ বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পাঁচ তৈরি পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে শুধু ভিয়েতনামের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ভারতের রপ্তানি কমেছে।
অটেক্সার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশ ২০৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৩৮ শতাংশ কম। গত বছর এই বাজারে বাংলাদেশ ৮২০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে।
অন্যদিকে চীনের রপ্তানি প্রায় ৫৩ শতাংশ কমে গেছে। চলতি বছরের প্রথম তিন মাসে দেশটি ১৭০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে দেশটি রপ্তানি করেছিল দ্বিগুণের বেশি অর্থাৎ ৩৬১ কোটি ডলারের তৈরি পোশাক।
এদিকে বাজারটিতে শীর্ষ রপ্তানিকারক ভিয়েতনাম চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে ৩৯৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৩ শতাংশ বেশি। বর্তমানে বাজার হিস্যার ২২ শতাংশ ভিয়েতনামের দখলে রয়েছে। আর বাংলাদেশের আছে সাড়ে ১১ শতাংশ।
অটেক্সার তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ১২২ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে ইন্দোনেশিয়া। গত বছরের একই সময়ে তাদের রপ্তানি ছিল ১২৩ কোটি ডলার। সেই হিসাবে তাদের রপ্তানি কমেছে দশমিক ১৩ শতাংশ।
যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি বাংলাদেশের চেয়ে বেশি কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে ১১০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে ভারত। গত বছরের একই সময়ে তাদের রপ্তানি ছিল ১৫১ কোটি ডলার। তার মানে চলতি বছরের প্রথম তিন মাসে দেশটির রপ্তানি কমেছে ২৭ শতাংশ।
পোশাকর দাম কমেছে:
যুক্তরাষ্ট্রের ক্রেতারা গত মার্চে বৈশ্বিক বাজার থেকে পোশাক আমদানি মূল্য ২ দশমিক ৩১ শতাংশ কমিয়েছে। এর মধ্যে বাংলাদেশের পোশাকের দাম কমেছে ২ দশমিক ৭৭ শতাংশ। গত বছর মার্চে বাংলাদেশের তৈরি পোশাকের গড় মূল্য ছিল ২ ডলার ৯৪ সেন্ট প্রতি স্কয়ার মিটার, তবে চলতি বছরের মার্চে দাম কমে নেমে আসে ২ ডলার ৮৬ সেন্টে। শীর্ষে থাকা ভিয়েতনামের কমেছে ২ দশমিক ১৮ শতাংশ। প্রতি স্কয়ার মিটার ৩ ডলার ৩৬ সেন্ট থেকে কমে ৩ ডলার ২৯ সেন্টে নেমে এসেছে। সবচেয়ে বেশি কমেছে চীনের সাড়ে ২১ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ১১ শতাংশ।
শুল্ক ঝামেলায় বৈশ্বিক বাজার:
গত বছরের ২ এপ্রিল বিশ্বের ১৫৭টি দেশের পণ্যে বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এটি ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও পরে তিন মাসের জন্য স্থগিত হয়। এরপর বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। শুরুতে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক থাকলেও ৮ জুলাই সেটি কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। পরে যুক্তরাষ্ট্র থেকে সরকারি-বেসরকারি পর্যায়ে পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছায় বাংলাদেশ। তাতে পাল্টা শুল্ক কমে ২০ শতাংশে দাঁড়ায়। গত ৭ আগস্ট পাল্টা শুল্ক কার্যকর হয়।
পাল্টা শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি করে ৯ ফেব্রুয়ারি। সে চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ওপর দেশটির পাল্টা শুল্কের হার কমে হয় ১৯ শতাংশ। তবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছেন। তারপর সব দেশের পণ্যের ওপর ১৯৭৪ সালের বাণিজ্য আইন প্রয়োগের মাধ্যমে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।
পাল্টা শুল্কের প্রস্তাবে শুরুতে বেকায়দায় থাকলেও পরে প্রতিযোগী দেশের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে পৌঁছায় বাংলাদেশ। তার কারণ, বাংলাদেশের মতো ভিয়েতনামের শুল্ক ছিল ২০ শতাংশ। তার বিপরীতে ভারতের পণ্যে মোট শুল্কহার ৫০ শতাংশ। চীনের শুল্ক আরও বেশি।
ফলে বাংলাদেশে তৈরি পোশাক, জুতাসহ বিভিন্ন পণ্যের ক্রয়াদেশ বাড়তে থাকে। তবে পরে সেই ধারাবাহিকতা বজায় থাকেনি। তার কারণ, শুল্কের কারণে পণ্যের দাম বেড়ে গেছে। আর ইরান যুদ্ধের পর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উচ্চ মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এতে করে ক্রয়াদেশ কমে গেছে, এমনটাই জানালেন তৈরি পোশাক রপ্তানিকারকরা।