

রাজধানীর কড়াইল বস্তিসহ ৫৮টি এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫ এ নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
রোববার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
মন্ত্রী জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে পর্যায়ক্রমে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও বিভিন্ন পৌর এলাকার মোট ৩৭টি বস্তিতে বসবাসকারী স্বল্প আয়ের মানুষের উন্নত আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।
জাকারিয়া তাহের আরও জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে পদ্মা আবাসিক এলাকার ৫৭৮ নম্বর প্লটে ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা শহরের হরিণটানা মৌজায় প্রায় আট একর জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতাধীন সল্টগোলা এলাকায় চউকের মালিকানাধীন প্রায় ৮৩ কাঠা জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য মাসিক ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা গড়ে তুলতে স্ব-অর্থায়ন বা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে একটি প্রকল্প প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি।
সংরক্ষিত নারী আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধন করার জনন্য স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে আইনটি সংশোধনপূর্বক শাস্তির মেয়াদ, জরিমানা এবং কারাদণ্ড বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ-৩ আসনের সংসদ সদসস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী জানান, বিগত বছরগুলোয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা প্রদানে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ সব অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি বলেন, এরই মধ্যে সারা দেশে প্রকৃত দুস্থ অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করতে এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে একটি শুদ্ধি অভিযান ও ডাটাবেজ যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে ভাতা প্রদানের তালিকা যাচাই-বাছাই করার জন্য গত ১৯ এপ্রিল পুনঃযাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির ফলে দেশে প্রবীণ জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চলতি অর্থবছরে (২০২৫-২৬) ৬১ লাখ উপকারভোগী ৬৫০ টাকা মাসিক হারে ভাতা পাচ্ছেন। যার জন্য বাজেটে বরাদ্দ ৪ হাজার ৭৯১ কোটি ৩১ লাখ টাকা। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে ৬২ লাখ উপকারভোগীর জন্য ৭০০ টাকা মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। আর এজন্য ৫ হাজার ২৩৯ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী অর্থবছরে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ৩০ লাখ উপকার ভোগীকে ৭০০ টাকা মাসিক হারে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৫৩৫ কোটি ১২ লাখ টাকা। চলতি অর্থবছরে ২৯ লাখ উপকারভোগীকে ৬৫০ টাকা হারে ভাতা দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রতিবন্ধী ভাতা ৩৮ লাখ উপকার ভোগীর কাছে বিতরণ করার পরিকল্পনা রয়েছে। এ খাতে ৯০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। যার জন্য মোট বরাদ্দ ৪ হাজার ৫৮৭ কোটি ৩৬ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতের একটি যুগান্তকারী প্রকল্প এবং দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে প্রকল্পটি বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর পূর্ববর্তী সর্বশেষ এবং অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ধাপ।
তিনি বলেন, আগস্ট মাসের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করা যাচ্ছে।