সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
প্রিন্ট সংস্করণ

পূজার পোশাকে ঐতিহ্য ও ট্রেন্ডের মেলবন্ধন

সাদীয়া ইসলাম
পূজার পোশাকে ঐতিহ্য ও ট্রেন্ডের মেলবন্ধন

উৎসব যাই হোক না কেন, নতুন পোশাক তো চাই-ই চাই। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহালয়া আগামীকাল রোববার। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরই মধ্যে কেনাকাটা শুরু করে দিয়েছেন সবাই। কিন্তু এবারের পূজায় ট্রেন্ডি পোশাক কী এবং কোথায় গেলে কোন পোশাক মিলবে—তাই জানাচ্ছেন সাদীয়া ইসলাম

দুর্গাপূজার অপেক্ষা আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। শিউলির গন্ধ, কাশের দোলা, ঢাকের বোলে দুর্গার আবাহন, নতুন পোশাক, জমাটি আড্ডা, বন্দুক হাতে ক্যাপ ফাটানো। তবে পোশাকে এসেছে কিছুটা ভিন্নতা। ট্রেন্ড ও ঐতিহ্যের মেলবন্ধনে ফুটিয়ে তোলা হয়েছে এবারের পূজা কালেকশন। আসছে পূজায় দেশি ফ্যাশন হাউসগুলোও নিয়ে এসেছে রংবেরঙের পোশাক। শাড়ি, পাঞ্জাবি, কামিজ, কুর্তি, ফতুয়া, পোলো ও টি-শার্টে বাহারি থিম ও নকশার সংমিশ্রণ করা হয়েছে। কাটিং, প্যাটার্নে কিছুটা ভিন্নতা আছে। বরাবরের মতো রয়েছে ফিউশনও। ‘বিশ্বরঙ’র পোশাকে বরাবরের মতো উজ্জ্বল রঙের প্রাধান্য থাকলেও, এবারের পোশাকে মূল গুরুত্ব দেওয়া হয়েছে পদ্মফুল, দেবী দুর্গার প্রতিকৃতি, মন্ত্র, দেবী দুর্গার স্তুতিবাক্য ইত্যাদি। দেবী দুর্গার মুখ ও অন্যান্য পূজার থিম ছাড়াও এবারের পোশাকে বিভিন্ন জ্যামিতিক নকশা, আর্ট ইত্যাদি দেখা যাচ্ছে। শাড়ি ও সালোয়ার-কামিজে হাতের কাজ, টার্সেল ও লেইসের ব্যবহারও চোখে পড়ার মতো। স্ক্রিন প্রিন্টে পূজার নানা মোটিফ তুলে ধরা হয়েছে। পূজার পোশাকে প্রতিটি ব্র্যান্ডের নকশা ও থিমে রয়েছে ভিন্নতা। বিশ্বরঙ, কে ক্র্যাফট, রঙ বাংলাদেশ, সারা লাইফস্টাইলসহ অন্য দেশীয় ব্র্যান্ডগুলো পোশাকের অলংকরণ বাড়াতে প্রাধান্য দিয়েছে চুনরি, টাইডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, ডলার, কাঁথা স্টিচ, স্ক্রিন প্রিন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট ইত্যাদি।

রঙের বাহার: এবারের পূজা মানেই লাল ও মেজেন্টা রং। একটু উজ্জ্বল রং না হলে উৎসব যেন ঠিক জমে না। নবমী ও দশমীর পোশাকের সংগ্রহে এ দুই রঙের পোশাক রাখতে পারেন। বাটার ক্রিম, পেস্তা সবুজ, শ্যাওলা সবুজ, হালকা কমলা, গাঢ় কমলা, ফিরোজা, পিংক, চেরি পিংক, পাউডার পিংক, মেরুন, মেজেন্টা, হোয়াইট, অফ হোয়াইট, ব্রিক রেড, অরেঞ্জ, স্যালমন অরেঞ্জ, টেন ব্রাউন, নেভি, কোরা, কোরাল রেড, ক্রিমসন রেড, রয়্যাল ব্লু ইত্যাদি রংগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। সবুজের বিভিন্ন শেড, প্যাস্টেল, ব্রিক রেড, টেন ব্রাউন রঙের কুর্তি, কামিজ, ফ্রক, পালাজো-টপস, স্কার্ট-টপস ইত্যাদি রঙের পোশাক বেছে নিতে পারেন। এতে গরমে খানিকটা আরাম পাবেন। অন্যদের থেকে ভিন্নতা রাখতে আইভরি, ক্রিম, বাটার ক্রিম রঙের পোশাকও নির্বাচন করতে পারেন।

টপস-জিন্স, কুর্তি, সালোয়ার-কামিজ যাই থাকুক না কেনে, পূজা-পার্বণে নারীদের কাছে শাড়ির কদর সবসময়ই বেশি। শাড়ির সঙ্গে বঙ্গনারীর রয়েছে মনের যোগ। শাড়ি মানেই বাঙালি নারীর আবেগ। তাই ষষ্ঠী থেকে দশমীতে ভিন্ন ভিন্ন শাড়ি পরার প্রস্তুতি নিয়ে রেখেছেন অনেকে। এবারে পূজার জন্য বেছে নিতে পারেন—

হ্যান্ডলুম কটন শাড়ি

পূজা বলে নয়, হ্যান্ডলুম কটনের চাহিদা বছরজুড়েই। পূজাতেই-বা বাদ যায় কেন? হ্যান্ডলুম শাড়ি পরার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি ভীষণ আরামদায়ক। পূজা মানেই হইচই, দৌড়ঝাঁপ। হ্যান্ডলুম যদি পরনে থাকে, তাহলে কোনো চিন্তাই নেই। হ্যান্ডলুম পরে থাকা যেমন সহজ, তেমনই এর হালকা রং এবং নিপুণ কাজ এক অদ্ভুত আভিজাত্য ফুটিয়ে তোলে।

ঢাকাই জামদানি

ঢাকাই জামদানির ঐতিহ্য, আভিজাত্য কখনো ফুরোনোর নয়। পূজার সাজেও জামদানি তাই বরাবরই হট-কেক। তাঁতিদের চমৎকার কারুকাজ ফুটে ওঠে ঢাকাই জামদানির বিভিন্ন নকশা এবং রঙে। এ শাড়ি সর্বদাই শীর্ষে ফ্যাশনে। উৎসবের দিনে সাবেক সাজে ঢাকাই জামদানিরই সব থেকে বেশি চাহিদা থাকে। বিশেষত, অষ্টমীর সকালে লাল-সাদা জামদানিতে অঞ্জলি দেওয়া হোক কিংবা নবমী রাতে কালো জামদানির প্রতি দুর্বলতা চিরকালীন।

কাঁথা স্টিচ শাড়ি

কাঁথা এমব্রয়ডারি এখনো বেঁচে আছে শাড়িতে। কাঁথা স্টিচ শাড়ির আলাদা মাধুর্য। পূজার ভিড়ে আলাদা করে চোখে পড়তে কাঁথা স্টিচ পরতে পারেন। সিল্ক, সুতি, মালকটনসহ নানা ধরনের ফেব্রিকের ওপর কাঁথার কাজের শাড়ি পাওয়া যায়। শুধু ফেব্রিক নয়, স্টিচেও আছে বৈচিত্র্য। ফুলকারি সেলাই, গুজরাটি সেলাই, পদ্মকাঁথা, নকশিকাঁথাসহ আরও অনেক ধরনের সেলাই আছে। কাঁথা স্টিচের পাশাপাশি অ্যাপ্লিক ওয়ার্কের শাড়িও এখন বেশ চলছে।

সফট বেনারসি

উত্তরপ্রদেশের বেনারসের এই প্রাচীন শাড়ির ভাঁজে ভাঁজে ঐতিহ্য ও ইতিহাসের সুবাস। আধুনিক সাজের রমরমার ভিড়ে যার রাজকীয় আভিজাত্য এতটুকু অমলিন হয়নি। এবার পূজায় সেই শাড়ির পরনে জড়াতে পারেন। বেনারসির নানা প্রকারভেদ রয়েছে। তবে পূজার সময় ভারী বেনারসি পরে সামলানো মুশকিল। তাই অষ্টমী বা নবমীর জন্য সফট বেনারসি বেছে নিতে পারেন। সিল্কের নিপুণ বুননে এ শাড়ি বেশ আকর্ষণীয়। এ ধরনের শাড়ির নকশা, রঙের সঙ্গে সাবেকিয়ানা জুড়ে আছে। পূজার সাজের জন্য এ শাড়ি একেবারে পারফেক্ট।

মেয়েদের সাজে শাড়ি যেমন অপরিহার্য, তেমনি ছেলেদের সাজে পূর্ণতা আনে পাঞ্জাবি। পাঞ্জাবি শুধু ফ্যাশন নয়, বরং বাঙালি সংস্কৃতির ঐতিহ্যও বহন করে। এ বছর পূজায় বাজারে এসেছে নানা ধরনের পাঞ্জাবি, যেখানে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়। ঐতিহ্যবাহী স্ট্রেট কাট পাঞ্জাবির পাশাপাশি মিলছে শর্ট লেংথ, হাই-স্লিট, অ্যাসিমেট্রিক ও ম্যান্ডারিন কলারের নতুন ধাঁচ। তরুণরা এগুলো জিন্স, ট্রাউজার কিংবা ক্যাজুয়াল প্যান্টের সঙ্গে পরতে পারবে। স্টাইলিং করা যাবে ধুতির সঙ্গেও। পূজার সকালে প্রার্থনা ও অঞ্জলিতে ধুতি-পাঞ্জাবি মানানসই।

এ বছর কাপড়েও বৈচিত্র্যের ছোঁয়া লক্ষণীয়। দিনের বেলার জন্য সুতির পাঞ্জাবির পাশাপাশি সিল্ক ও কটসিল্ক পাঞ্জাবি দেখা মিলছে। এগুলো রাতের জমকালো আড্ডা বা পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে এনে দেবে বাড়তি আভিজাত্য। পাশাপাশি মসলিন ও লিনেন পাঞ্জাবির প্রচলন দেখা যাচ্ছে; যা হালকা ও বাতাস চলাচলকারী হওয়ায় গরমে আরামদায়ক। এসবের সঙ্গে আবার স্থানীয় হ্যান্ডলুম ও জ্যাকার্ড কাপড় দিয়ে তৈরি পাঞ্জাবি বাঙালি ঐতিহ্যের স্বাদ ফিরিয়ে দিচ্ছে।

পাঞ্জাবির ডিজাইনে এখন আর একঘেয়েমি নেই। কলারে ম্যান্ডারিন স্টাইল, হাতে সূক্ষ্ম এমব্রয়ডারি, বুকের অংশে হালকা কাজ কিংবা বোতামে কাঠ ও ধাতব ব্যবহার—এসবই এখনকার জনপ্রিয় ডিজাইন। ফ্যাশন হাউসগুলো এবার বাজারে এনেছে হাই-স্লিট ও অ্যাসিমেট্রিক কাট পাঞ্জাবি; যা তরুণদের কাছে বেশ আকর্ষণীয়। শর্ট লেংথ পাঞ্জাবিও এখন ট্রেন্ড, যা সহজে ক্যাজুয়াল লুকে মানিয়ে যাবে।

পাঞ্জাবিতে নকশা বা মোটিফ এবার ফ্যাশনে ভিন্ন মাত্রা যোগ করেছে। ফুল-পাতার নকশা, জ্যামিতিক মোটিফ, সূচিশিল্প, ব্লক প্রিন্ট—সবই জনপ্রিয়। বিশেষ করে হ্যান্ডপেইন্টেড কলকা মোটিফের পাঞ্জাবি এ বছর বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এ বছর পূজার পাঞ্জাবির মোটিফ সম্পর্কে হরীতকী পেজের কো-ফাউন্ডার বলরাম পাল বলেন, ‘এ বছর পাঞ্জাবির মোটিফে হিন্দুইজম মোটিফ যেমন স্বস্তিক চিহ্ন, মা দুর্গার মুখ, অস্ত্র ইত্যাদির পাশাপাশি হাতি, মাছ, প্রাচীন বেদি, মণ্ডপ, যোগ্যস্থান, উপমহাদেশের টিকুলি আর্ট, চণ্ডীপাঠের লিপি, নকশিকাঁথার মোটিফসহ ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।’

পূজার পোশাকে রং সবসময়ই বিশেষ গুরুত্ব পায়। ২০২৫ সালের পূজায় দেখা যাচ্ছে উজ্জ্বল ও হালকা রঙের এক চমৎকার মেলবন্ধন। ঐতিহ্যবাহী লাল, মেরুন, রয়্যাল ব্লু, সবুজ ও সোনালি রঙের পাঞ্জাবি পূজার সাজে অপরিহার্য। এ বছর তরুণরা মিন্ট, ল্যাভেন্ডার, অফ-হোয়াইট বা পিচ রঙের পাঞ্জাবি কিনছেন বলেও জানান ডিজাইনাররা। দিনের বেলা হালকা রং আর রাতে গাঢ় রং পরার প্রবণতা বাড়তে পারে। নবমী ও দশমীর জন্য ডিপ রং বিশেষ করে কালো ও মেরুনের চাহিদা বাড়বে।

মেয়েশিশুদের জন্য

মেয়েশিশুদের উৎসবের পোশাকে শাড়ি, গাউন বা ফ্রক জনপ্রিয়। ছোটদের জন্য মিনি শাড়ি কিংবা কাতান কাপড়ে হালকা কাজের ফ্রক অনেকটাই উৎসবমুখর করে তোলে। এ ছাড়া লাল-সবুজ, গোলাপি, হলুদ বা প্যাস্টেল রঙের পোশাক শিশুদের প্রফুল্লতা প্রকাশ করে। অনেকে এখন জামদানি বা দেশীয় হ্যান্ডলুম কাপড়ে তৈরি শিশুদের পোশাককে বেছে নিচ্ছেন।

ছেলেশিশুদের জন্য

ছেলেশিশুর জন্য উৎসবের প্রথম পছন্দ বরাবরই ধুতি-পাঞ্জাবি, কুর্তা বা শার্ট। তুলা বা সিল্ক মিশ্রিত কাপড়ে তৈরি পাঞ্জাবি আর আরামদায়ক ধুতি কিংবা জিন্সের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। বিশেষ করে পূজার মতো উৎসবে লাল, সাদা, নীল কিংবা সোনালি রঙের পাঞ্জাবি শিশুদের আরও উজ্জ্বল করে তোলে। এ ছাড়া ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেল, প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজা সামনে রেখে প্রতিটি ফ্যাশন হাউসেই ছোটদের জন্য থাকছে রঙিন সব পোশাকের আয়োজন।

পূজার পোশাক কোথায় পাবেন: দেশীয় ফ্যাশন হাউস বিশ্বরঙ, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, সাতকাহন, নিপুণ, বিবিয়ানা, ভারগো টুয়েন্টিতে পাওয়া যাবে পূজার পোশাক। এ ছাড়া যমুনা ফিউচার পার্ক, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, বঙ্গবাজার, পান্থপথের বসুন্ধরা শপিং মল, ধানমন্ডির মেট্রো শপিং মল, শাহবাগের আজিজ সুপার মার্কেট, গুলিস্তানসহ যে কোনো মার্কেটে মিলছে পূজার সব মানানসই পোশাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X