

রাজধানীর মিরপুর-৬ এ সরকারি অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
সোমবার (৬ জুলাই) রাতে কোয়ার্টারের ১৪ তলা ভবনের বেজমেন্টে গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফিয়াল ফারুক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে সেখানে ছয়টি ইউনিট কাজ করছে।
ডিউটি অফিসার জানান, ভবনটির বেজমেন্টে গাড়ির সিলিন্ডার থেকে আগুন লেগেছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। এছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।