

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দেশীয় মৌসুমি ফল—আম, কাঁঠাল, আমলকি, আনারসহ নানা ধরনের ফল নিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব।
যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব ও সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাজিম উদ দৌলা সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী, জ্যেষ্ঠ সাংবাদিক রাশেদুল ইসলাম, ফল উৎসব কমিটির আহ্বায়ক ও ডিআরইউর সাবেক কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, সদস্য সচিব হাসান ওয়ালীসহ শতাধিক সাংবাদিক।
অনুষ্ঠানে ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল বলেন, ‘আমাদের প্রাণের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম। আমাদের যে যাত্রা তা দুর্বার গতিতে এগিয়ে যাক। ঢাকায় সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে যশোর থেকে আসা নবীনরা আসলে অভিভাবকহীন থাকবে না।' রাষ্ট্রীয় কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সবাইকে আহবান করেন তিনি।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, ‘আমাদের এ পথচলা সুন্দর হোক। একে অপরের পাশে দাঁড়ানোসহ সকলের মধ্যে সুসম্পর্ক বন্ধন গড়ে উঠুঁক। এ ছাড়া বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে সরকার ও যশোরের সাংবাদিকদের অতি দ্রুত একটি মতবিনিময় সভার পরামর্শ দেন নোমানী।’
সভাপতির বক্তব্যে যশোর সাংবাদিক ফোরামের আহবায়ক মাহমুদ সোহেল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতে ইতিবাচক কর্মকান্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে যশোরে সাংবাদিক ফোরাম, ঢাকার যুগ্ম আহবায়ক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ, এফএ সাহেদ, মুতাসিম বিল্লাহ, জয়নাল আবেদীন, রুমান হাসান তামিম,পলিয়ার ওয়াহিদ, ফয়সাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।