

অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ)-এর দুই সদস্যের একটি পরিদর্শক দল চট্টগ্রাম ও জামালপুরের ৩টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে। গত ০৩ থেকে ০৭ জুন ২০২৬ তারিখ চট্টগ্রামস্থ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও বার্জার পেইন্টস লিমিটেড এবং ০৯ থেকে ১০ জুন পর্যন্ত ধাপে ধাপে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ) এর দুই সদস্যের একটি পরিদর্শক দল গত ০৩ থেকে ০৭ জুন চট্টগ্রামস্থ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও বার্জার পেইন্টস লিমিটেড এবং ০৯ থেকে ১০ জুন জামালপুরস্থ যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন।
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) পরিদর্শনটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।
পরিদর্শন শেষে ওপিসিডব্লিউ এর নির্বাচিত পরিদর্শন দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে সন্তুষ্টি জ্ঞাপন করেন। পরিদর্শন শেষে গত ১৩ জুন সফরকারী দলটি ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে। সিডব্লিউসি এর আর্টিকেল ৬ এবং ভেরিফিকেশন এনেক্স ৯ অনুসারে স্বাক্ষরকারী দেশসমূহে ওপিসিডব্লিউ এর নির্বাচিত পরিদর্শক দল স্বল্প দিনের নোটিশে তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদন সংক্রান্ত তথ্য উপাত্ত সরজমিনে পরিদর্শন করে থাকে।