

শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে চীনের কেপেই এডুকেশন গ্রুপ সফর করছে। ২৪ জুন থেকে ৪ জুলাই ২০২৬ পর্যন্ত চলমান এই সফরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হচ্ছে।
সফরটি ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউ-এর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শিক্ষণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত । প্রতিনিধি দলের সদস্যরা চীনের আধুনিক শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ মডেল এবং শিল্পখাত-সংযুক্ত শিক্ষার পরিবেশ সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও শিল্পখাত কীভাবে সমন্বিতভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং উদ্ভাবনকে এগিয়ে নিতে কাজ করে, সে বিষয়েও তারা অভিজ্ঞতা অর্জন করছেন।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, আইওটি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট ক্যাম্পাস ব্যবস্থাপনা এবং শিল্পমুখী শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম ও মডেল পর্যবেক্ষণ করছেন। এসব ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা ও সফল উদ্যোগগুলো থেকে শিক্ষা গ্রহণের পাশাপাশি সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রও চিহ্নিত করা হচ্ছে।
সফরে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাগুলো পর্যালোচনা করে ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউ-এর বিভিন্ন শিক্ষা, প্রযুক্তি ও উন্নয়নমূলক কার্যক্রমে প্রয়োগের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনের বাস্তব প্রয়োগ নিশ্চিতকরণ এবং নতুন শিক্ষা ও পরিচালন মডেল চালুর ক্ষেত্রে এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া সফরটি যৌথ গবেষণা, পেশাগত প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, প্রযুক্তি স্থানান্তর এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মতো ক্ষেত্রেও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা তৈরি করছে।
ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউ এর মতে , এই উদ্যোগ মূলত নিজেদের প্রতিষ্ঠানগত সক্ষমতা বৃদ্ধি করার একটি অংশ। তবে এর মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে।
এই উদ্যোগের মাধ্যমে: ● শিক্ষা আরও বাস্তবভিত্তিক ও দক্ষতাভিত্তিক হবে ● শিক্ষার্থীরা চাকরি ও উদ্যোক্তা হওয়ার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হবে ● গবেষণা ও উদ্ভাবন বাস্তব প্রয়োগের দিকে এগিয়ে যাবে ● ড্যাফোডিলের বিভিন্ন প্রকল্পে নতুন মডেল ব্যবহার করা যাবে ● এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ও প্রযুক্তি খাতে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হবে
ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউ মনে করে, উচ্চশিক্ষা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফর থেকে অর্জিত অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতে উদ্ভাবন, বাস্তবমুখী শিক্ষা এবং শিল্পখাতের সঙ্গে আরও কার্যকর সংযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।