

দেশ আর্ট গ্যালারির উদ্যোগে ২৬ জুন থেকে শুরু হয়েছে চার শিল্পীর অংশগ্রহণে আয়োজিত শিল্প প্রদর্শনী ‘পেটালস অব টাইম: অ্যান এক্সিবিশন অব আর্ট, মেমোরি অ্যান্ড হেরিটেজ’। প্রদর্শনীর উদ্বোধন করা হয় ২৬ জুন বিকেল সাড়ে ৫টায়। প্রদর্শনী চলবে ৬ জুলেই পর্যন্ত।
প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন দেশের চারজন শিল্পী— প্রাশান্ত কর্মকার বুদ্ধ, শিল্পী আলী, এলিজা রহমান এবং ফারিন আহমেদ। তাদের শিল্পকর্মে উঠে এসেছে স্মৃতি, ঐতিহ্য, আত্মপরিচয়, আধ্যাত্মিকতা এবং মানবজীবনের নানা অনুষঙ্গ।
প্রাশান্ত কর্মকার বুদ্ধ তার শিল্পকর্মে ঐতিহাসিক স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক প্রতীকের মাধ্যমে অতীত ও বর্তমানের মধ্যে এক নান্দনিক সংলাপ নির্মাণ করেছেন। শিল্পী আলীর সৃষ্টিকর্মে কল্পনা, অনুভূতি, স্বপ্ন ও আত্ম-অন্বেষণের বিষয়গুলো রঙ, প্রতীক এবং মিশ্র মাধ্যমের ব্যবহারের মাধ্যমে নতুন মাত্রা পেয়েছে। এলিজা রহমান ও ফারিন আহমেদের শিল্পকর্ম প্রদর্শনীটিকে আরও সমৃদ্ধ করেছে; তাদের কাজে ব্যক্তিগত অভিজ্ঞতা, সাংস্কৃতিক চেতনা এবং সমকালীন জীবনের নানা দিক শিল্পভাষায় প্রকাশিত হয়েছে।
‘পেটালস অব টাইম’ প্রদর্শনীর মূল ভাবনা সময়ের প্রবাহে স্মৃতি ও ঐতিহ্যের বহমানতা। প্রদর্শনীর শিল্পকর্মগুলো অতীত ও বর্তমানের মধ্যে এক সৃজনশীল সংযোগ স্থাপন করে, যা দর্শকদের নিজস্ব স্মৃতি, পরিচয় এবং সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের অনারারি কনসাল শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উদ্যোক্তা শরীফ রহমান।
ঢাকার গুলশান-২ এলাকার বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১২ নম্বর রোডের ১৩/১ নম্বর হাউজের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত দেশ আর্ট গ্যালারিতে এই আয়োজনটি চলছে।
আয়োজকদের পক্ষ থেকে সব শিল্পপ্রেমী, সংগ্রাহক ও আগ্রহী দর্শকদের প্রদর্শনীটি পরিদর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।