

মংলা-ঘষিয়াখালী নৌপথ, মংলা পাইলট হাউস, ড্রেজার বেইজ, রূপসা ফেরিঘাট, খুলনা শিপইয়ার্ড লি. তদুপরি খুলনা ও নওয়াপাড়া নদী বন্দর এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত সচিব এবং নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।
শুক্রবার (০৩ জুলাই) ও শনিবার এলাকার যাত্রী ও মালামাল পরিবহনের জন্য বিদ্যমান বিভিন্ন সুবিধাদি দেখতে এ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি কর্তৃপক্ষের ৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ (১ম পর্ব) শীর্ষক প্রকল্পের আওতায় ৪টি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার নির্মাণকাজের অগ্রগতি এবং ইয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে চেয়ারম্যান চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এসময় তিনি কার্যক্রমের গুণগত মান, নির্ধারিত সময়সীমা অনুযায়ী বাস্তবায়ন এবং সেবার মানোন্নয়ন নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন), অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর), এবং বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীরা।