

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) টুর্নামেন্ট-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় সংস্থাটি বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলাকে ট্রাইবেকারে হারিয়ে জয়ের মুকুট কেড়ে নেয়।
নির্ধারিত সময়ে দুই দলই ১-১ গোলে সমতা আনলে তা ট্রাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় বিমান। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাতার এয়ারওয়েজকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে এয়ার ইন্ডিয়া।
দেশী-বিদেশী ১৬টি এয়ারলাইন্সের অংশগ্রহণে দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার (৪ জুলাই) বিকেলে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজ খানম রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এ টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার (৩ জুলাই) সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবের ট্রার্ফ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজ খানম রিতা বলেন, বিমান খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, এটা আনন্দের। তারা যেন তাদের কাজে-কর্মেও চ্যাম্পিয়ন হয় সেই প্রতিজ্ঞা সবাইকে করতে হবে। এখানে আজকে আমার আসা স্বার্থক হয়েছে।
টুর্নামেন্টে ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ হয়েছেন বিমানের খেলোয়াড় জাহাঙ্গীর আলম।
ছয় জন খেলোয়াড়ের অংশগ্রহণে ছোট মাঠের এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই।