

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে সফলভাবে অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন ২০২৬ আয়োজন করে। শনিবার (১৮ জুলাই) সম্মেলনে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি), বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান, এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধান, শাখা ও উপশাখা ব্যবস্থাপক, রিলেশনশিপ ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ২০২৬ সালের প্রথম ছয় মাসের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বছরের অবশিষ্ট সময়ে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আহসান খান চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) জনাব ইমতিয়াজ উদ্দিন আহমেদ সম্মেলনের উদ্বোধন করেন এবং বিভিন্ন ব্যবসায়িক অধিবেশনে সভাপতিত্ব করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বছরের প্রথমার্ধে ব্যাংকের অর্জনসমূহ তুলে ধরেন এবং গ্রাহককেন্দ্রিক সেবা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন, খেলাপি ঋণ আদায় জোরদার এবং সম্পদের গুণগত মান বজায় রাখার মাধ্যমে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক আর্থিক কার্যক্রম উপস্থাপন করেন। এছাড়া ট্রেজারি অ্যান্ড মার্কেট রিস্ক বিভাগের প্রধান সুশান্ত শেখর দেব ট্রেজারি বিভাগের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করেন। এরিয়া প্রধানরা নিজ নিজ এলাকার মুনাফা, আমানতের কাঠামো, ঋণ আদায়ের অগ্রগতি এবং আগামী ছয় মাসের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। এজেন্ট ব্যাংকিং, কার্ডস এবং ব্যাংকঅ্যাস্যুরেন্স বিভাগের ব্যবসায়িক পরিকল্পনা ও কার্যক্রমও উপস্থাপিত হয়।
বিকালের অধিবেশনে ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের (আইবিডি) প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান ২০২৬ সালের প্রথমার্ধে ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা উপস্থাপন করেন।
পরবর্তীতে ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, ট্রেজারি এবং অন্যান্য ব্যবসায়িক ইউনিট তাদের অর্ধবার্ষিক কার্যক্রম পর্যালোচনা এবং বছরের অবশিষ্ট সময়ের জন্য কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার অপারেশনস, কার্ডস, ব্যাংকঅ্যাস্যুরেন্স, এজেন্ট ব্যাংকিং, এমআইএস এবং আরএসএসকিউজি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা পরিচালনা করেন। পাশাপাশি ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, এএমএল, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, লিগ্যাল, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিকিউরিটি-সংক্রান্ত বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়, যা ব্যাংকের কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর করার পাশাপাশি কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখে।
সন্ধ্যাকালীন অধিবেশনে আহসান খান চৌধুরী অংশগ্রহণকারীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি উৎকর্ষতা, উদ্ভাবন, দলগত কর্মসংস্কৃতি এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের কৌশলগত লক্ষ্য ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা কর্মসম্পাদনকারী কর্মকর্তা ও ইউনিটসমূহকে ক্রেস্ট, সনদপত্র, নগদ পুরস্কার এবং পদোন্নতির মাধ্যমে সম্মানিত করা হয়।
সম্মেলনের সমাপনী অধিবেশনে বছরের অবশিষ্ট সময়ের জন্য ব্যবসায়িক কৌশল চূড়ান্ত করা হয়। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান কার্যালয় দল চ্যাম্পিয়ন এবং উপশাখা দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।