

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে এবং এই প্রতিরোধের স্বাভাবিক পরিণতি মেনে নিতে হবে। খবর আল-জাজিরার।
সোমবার (২০ জুলাই) প্রেসিডেন্টের কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, বাস্তবতা হলো, আজ ইসলামী প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িত। আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক পরিণতি মেনে নিতে হবে।
একই সঙ্গে তিনি গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে বলেন, চুক্তিটি মূলত ইরানের পক্ষেই বেশি সুবিধাজনক ছিল।
পেজেশকিয়ান বলেন, চুক্তির ১৪টি ধারার কোনোটিতেই আমরা আমাদের অধিকার, নীতি, জাতীয় স্বার্থ, বিপ্লবী মূল্যবোধ কিংবা বিশ্বাস থেকে সরে আসিনি।
তিনি আরও বলেন, এই সমঝোতার বড় অংশের অর্জন ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনুকূলে। এমন কোনো ধারা কার্যত নেই, যা একতরফাভাবে যুক্তরাষ্ট্রের জন্য সুবিধা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সত্ত্বেও চলতি মাসে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়েছে।