

বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে এবং বিআইজিএফের পক্ষে মোহাম্মদ আবদুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই অংশীদারত্বের আওতায় গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি, জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারনেট ও এআই গভর্ন্যান্স-সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম । তিনি বলেন, এই সমঝোতা শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল নীতি বিষয়ে আন্তর্জাতিক পরিসরে সম্পৃক্ত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে বিআইজিএফের প্রতিনিধিরা অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও টেকসই ডিজিটাল শাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, সরকার, বেসরকারি খাত, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এআইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুর রহমান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, সহযোগী ডিন ড. ফারিয়া সুলতানা, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিআইজিএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।