

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর বিএনসিসি প্লাটুনের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ আইইউবিএটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কোর্সে রমনা রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত মোট ৫০ জন বিএনসিসি ক্যাডেট অংশ নেন। তাদের মধ্যে ১০ জন বিমান শাখা এবং ১০ জন নৌ শাখার ক্যাডেট ছিলেন। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদানের দক্ষতা অর্জনের মাধ্যমে ক্যাডেটদের মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী নাগরিক হিসেবে গড়ে তোলাই ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন রমনা রেজিমেন্ট, বিএনসিসির রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট বিএ-৫৪২৩ মেজর মুহাম্মদ আব্দুস সালাম, পিএসসি।
এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী নিবিড় এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্যাডেটদের রক্তচাপ পরিমাপ, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, ক্ষতস্থানের প্রাথমিক পরিচর্যা, অজ্ঞান ব্যক্তিকে সেবা প্রদান, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর), ভাঙা হাড়ের প্রাথমিক ব্যবস্থাপনা, আগুনে দগ্ধ রোগীর পরিচর্যা, জরুরি রোগী স্থানান্তর এবং দুর্যোগকালীন প্রাথমিক চিকিৎসা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সঠিক জ্ঞান ও দক্ষতা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ ক্যাডেটদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সেবা প্রদানে সক্ষম করে।’ ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ক্যাডেটদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।